২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় স্কুল শিক্ষকসহ ঢাকা, জয়পুরহাট, বগুড়া এবং বাগেরহাটে আরও ছয় সন্দেহভাজন জেএমবি সদস্য আটক

পুলিশ শুক্রবার ঢাকার ধামরাই, বগুড়ার গাবতলী, জয়পুরহাটের ক্ষেতলাল এবং খুলনা এবং বাগেরহাট থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ এর (জেএমবি) আরো ছয় সদস্যকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, নগরীর বাগমারা এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে বোমা তৈরির সরঞ্জামসহ এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

একই দিনে পুলিশ ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার সাথে জড়িতদের খোঁজে নগরীর কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের পার্সেল বিভাগে এবং আলীয়া মাদ্রাসায় অভিযান চালায়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর সেন্ট জোসেফ হাই স্কুলের শিক্ষক আব্দুল হাকিমকে তার বাগমারা রোডস্থ বাসা থেকে গ্রেপ্তার করে।

এ সময়ে পুলিশ ঢাকার বাসাবো থেকে গ্রেপ্তারকৃত জঙ্গি নেতা শহিদুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী হাকিমের বাসার নিচ তলার একটি কক্ষ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও আলামত উদ্ধার করে। পুলিশ হাকিমের নিজস্ব কক্ষেও ১৭ আগস্ট বোমা হামলার বেশ কিছু আলামত খুঁজে পায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত দেখে ১৭ আগস্টের বোমা হামলার সাথে আব্দুল হাকিমের সংশ্লিষ্টতার প্রাথমিক ধারণা পাওয়া গেছে। প্রয়োজনে তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

অন্যদিকে, গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার বিকালে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের পার্সেল বিভাগে অভিযান চালায়।

এ সময়ে চলতি বছরের জুন, জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন পার্সেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনটি বিশেষ নামে পার্সেলকৃত ঠিকানা উদ্ধারে পুলিশ এ অভিযান চালায়। এ সময়ে পুলিশের নেতৃত্বে নগরীর আলীয়া মাদ্রাসায়ও একটি অভিযান পরিচালিত হয়। মাদ্রাসায় অভিযানের খবরে ছাত্ররা অন্যত্র আত্মগোপন করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মাদ্রাসায় অভিযান অব্যাহত ছিল।

বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, বিকেলে ধামরাই এলাকা থেকে জেএমবি সদস্য এরশাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ ধামরাই ইউনিয়নের আশুলিয়া গ্রামের মো: লালমিয়ার ছেলে।

ডিবি পুলিশ এবং ধামরাই থানা পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকায় পাঠায়।

পুলিশ তার কাছ থেকে ১৭ আগস্টের বোমা হামলার তথ্য, জেএমবি’র বই, লিফলেট ও ক্যাসেট উদ্ধার করেছে।

এদিকে জেএমবি’র সাথে জড়িত সন্দেহে জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশ শুক্রবার সকালে দুই সহোদরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছে, ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামের মৃত আনসার আলীর পুত্র জাহাঙ্গীর আলম লিটন (২৬) ও রবিউল ইসলাম (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে নিজেদেরকে জেএমবি সদস্য দাবি করার পাশাপাশি ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, বোমা হামলায় জড়িত সন্দেহে গাবতলী থানার বাসিন্দা আবদুর রাজ্জাক নামে জেএমবি’র এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে গ্রেফতার করা দুই জেএমবি সদস্য হাফেজ মো: কেরামত আলী (৫০) ও আব্দুল্লাহ শেখ (৪৫) কে গ্রেফতারের ৪৮ ঘন্টা পরেও বোমা মামলায় গ্রেফতার না দেখিয়ে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার রাতে চিতলমারী থেকে আবু বক্কর সিদ্দিক (৪৬) নামে আরো একজনকে আটক করা হয়েছে।

তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের দিচ্ছে না।

এদিকে জেআইসিতে জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাটে ফিরিয়ে আনা জঙ্গি মাওলানা আব্দুল্লাহ গাজীকে পুলিশ শুক্রবার আদালতে সোপর্দ করেছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ঢাকায় জেআইসিতে তার দেয়া তথ্যের ভিত্তিতে চিতলমারী থানা পুলিশ চিতলমারী বাজার থেকে গত বুধবার সন্ধ্যায় ঐ দুজনকে গ্রেফতার করেছিলো।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, কৃষি ব্যাঙ্ক চিতলমারী শাখার নৈশ প্রহরী হাফেজ মো: কেরামত আলী (৫০) এবং চিতলমারী বাজারের সাবেক নৈশ প্রহরী আব্দুল্লাহ শেখ (৪৫)-কে বাগেরহাট সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। ঢাকা থেকে ফিরিয়ে আনার পর জঙ্গি মাওলানা আব্দুল্লাহ গাজীকে বৃহস্পতিবার রাতে ঐ দুই জনের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার ধৃত দুই ঐ জনের স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার রাতে বাগেরহাট গোয়েন্দা পুলিশ চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রাম থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে। সে পেশায় ব্যবসায়ী এবং ঐ গ্রামের রজব আলীর পুত্র।

বাগেরহাটের পুলিশ সুপার মো: মোস্তফা কামাল বলেছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। তিনি জিজ্ঞাসাবাদে প্রাপ্ত কোন তথ্য জানাতে রাজি হননি।