ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রামে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন চৌধুরী প্লাজায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় সুমন ভট্টাচার্য ও মোহাম্মদ রফিক নামের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচলাইশ পুলিশ জানায়, শুক্রবার সকালে সকালে রফিককে বায়েজীদ থানাধীন টেক্সটাইল গেইট ও সুমনকে ষোলশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ৯৩ পূর্ব নাসিরাবাদস্থ চৌধুরী প্লাজার মালিক সিরাজুল ইসলাম চৌধুরীর বাসায় চার যুবক ডিবি পুলিশের পরিচয়ে প্রবেশ করে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ডাকাতি মামলা দায়ের করেন।
পুলিশের ধারনা সুমন এই ডাকাতির ঘটনার অন্যতম হোতা। কয়েকদিন আগে সে অপর এক ব্যক্তিকে নিয়ে সিরাজুল ইসলামের বাসায় যায়। সেখানে গিয়ে তারা সিরাজুল ইসলামের ছেলে নোবেলের মোবাইল নাম্বার জানতে চায়।
সুমনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রফিককে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
