দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে দেশের সঠিক চিত্র তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড ও মিথ্যা প্রচারণার জবাব আপনাদেরকেই দিতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনের বাইরে নিউ ইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলের বলরুমে নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মিশন আয়োজিত প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান। তবে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করে। গ্রান্ড হায়াত হোটেলের বাইরে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিরোধী দলের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শণ করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক সহনশীলতার প্রতি আমাদের অবিচল আস্থা একটি উদারনৈতিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিতি পেতে সাহায্য করেছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ও বাংলাদেশীদের বিপদে ফেলতে দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা তাদের সহযোগী বিভিন্ন প্রচার মাধ্যমকে এ কাজে ব্যাবহার করছে, ধর্ণা দিচ্ছে তাদের প্রতি সহানুভূতিশীল বিদেশী রাজনীতিবিদদের কাছে। বিভিন্ন মিথ্যা অভিযোগ প্রতিষ্ঠা করতে তারা বিভিন্ন সভা সেমিনারেরও আয়োজন করছে।
তিনি বলেন, তাদের এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড ও মিথ্যা প্রচারণার জবাব আপনাদেরকেই দিতে হবে। বিদেশে দেশের সঠিক ভাবমূর্তি তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমাদের সকলের পরিচয়, আমরা বাংলাদেশী। দেশের মান-মর্যাদার সাথে আমাদের মান-মর্যাদাও জড়িত। তাই আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ইতিবাচক ভাবমূর্তি অবশ্যই সমুন্নত রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়তর করতে প্রবাসী বাংলাদেশীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। আপনাদের কর্মোদ্যম, শৃঙ্খলাবোধ ও দায়িত্ব সচেতনতা এদেশের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে একটি মর্যাদাবান জাতি হিসেবে তুলে ধরতে আপনাদের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
প্রবাসে কঠোর পরিশ্রম ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা প্রেরণ করে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে মূল্যবান অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে পেশাগত সাফল্যের মাধ্যমে আপনারা যুক্তরাষ্ট্রে যে সুনাম অর্জন করেছেন, সে জন্য আমরা গর্বিত।
প্রবাসীদের কল্যাণার্থে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বরাবরই প্রবাস-বান্ধব নীতি অনুসরন করে এসেছে। এবার দায়িত্ব গ্রহণের দু’মাসের মধ্যেই আমরা প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন করেছি। প্রবাসীদের কল্যাণ ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা অব্যাহতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছি। দেশে অর্থ প্রেরণের প্রক্রিয়া এখন সহজতর করা হয়েছে। বিদেশে বিভিন্ন স্থানে ব্যাংকের শাখা ও একচেঞ্জ হাউজ খোলা হয়েছে।
আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের সুযোগসুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং সরকার আবাসিক প্লট বরাদ্দের ক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার দিচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ডলারে সঞ্চয় ও লভ্যাংশ প্রাপ্তির জন্য চালু করা হয়েছে ডলার বন্ড। আমাদের অর্ধ শতাধিক দূতাবাসের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশীদের সমস্যা সমাধানের প্রয়াস অব্যাহত রেখেছি। এছাড়া বিদেশে কারিগরী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত করেছি।
প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কাজ ও উদ্যোগের কথা তুলে ধরেন।
এছাড়া পোষাক শিল্প খাতে কোটা-প্রথা বিলুপ্ত হওয়ার পরও পোষাক রপ্তানিতে সরকারের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, এ বছরের শুরু থেকে কোটা প্রথা বিলুপ্তির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্য সামগ্রীর শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে মার্কিন কংগ্রেসে উপস্থাপিত হয়েছে।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, আরব আমিরাত, মিশর, ভারত, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি আগামী তিন বছরে প্রায় দশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। একসাথে এত বেশি বিদেশী বিনিয়োগের প্রস্তাব এর আগে কখনও আসেনি।
ভাষণে প্রধানমন্ত্রী মানব সম্পদ উন্নয়ন, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, তথ্য-প্রযুক্তি খাতের বিকাশ ও প্রকাশের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিদেশের বাজারে আমাদের আইসিটি পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দেশের আইন শৃঙ্খলার উন্নতিতে তার সরকারের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্রুত বিচার আইন করেছি, গঠন করেছি দ্রুত বিচার আদালত।
সন্ত্রাস দমনে অপারেশন ক্লিন হার্টের পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, হাইওয়ে পুলিশ গঠন করার কথা প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে আমরা আইন পাশের মাধ্যমে দূর্নীতি দমন কমিশন গঠন করেছি।
প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনে ভাষণ দেবেন এবং ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করবেন।
২০০১ সালে সরকার গঠনের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর।
