২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হাসপাতালে চার্জ বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগনের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে হাসপাতালে চার্জ বৃদ্ধির পরিপত্র জারী করার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তিনি বলেন, এ পরিপত্র জারী করায় দেশের জনগনের কাছে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। পরিপত্র জারীর বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩ সেপ্টেম্বর সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন প্রকার চার্জ বৃদ্ধি করে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারী করা হয়। এ বিষয়ে সাবেক স্বাস্থ্য সচিব এএফএম সরওয়ার কামাল মন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বক্তব্য দেন।

সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের স্বাস্থ্য মন্ত্রী জানান, বিষয়টি দৃষ্টিতে আসলে প্রকৃত ঘটনা জানার জন্য তিনি সাবেক ওই সচিবের সাথে কথা বলেছেন। তিনি জানান, সাবেক সচিব মন্ত্রীকে জড়ানোর কথা অস্বীকার করে বলেছেন, বিষয়টি তিনি নিজেও জানতেন না। অধ্ব:স্তন কর্মকর্তার পাঠানো নোটে তিনিও অজ্ঞাতসারে স্বাক্ষর করেছেন।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালে চার্জ বৃদ্ধি সংক্রান্ত পরিপত্র বাতিল করেছে।

সোমবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার্জ বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারে সাবেক সচিব এএফএম সরওয়ার কামাল বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বক্তব্যে দিয়েছেন, তা মিথ্যা ও ভিত্তিহীন।

এতে আরও বলা হয়, পরিপত্র জারীর পূর্বে সংশ্লিষ্ট নথিটি কখনই এবং কোনো পর্যায়েই মন্ত্রীর কাছে পাঠানো হয়নি। মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কোনো নথিতে বিষয়টি নিয়ে মন্ত্রীর সাথে আলোচনার তথ্য নেই। এতে মন্ত্রীর কোনো স্বাক্ষরও নেই। মন্ত্রণালয়ের কোনো সভাতেই হাসপাতালে চার্জ বৃদ্ধির বিষয় আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রী বিডিনিউজকে বলেন, সমন্বয় সভায় বিশেষ কয়েকটি স্ব্স্থ্যা প্রতিষ্ঠানে নতুন যন্ত্রপাতি ও কেবিন সংক্রান্ত ফি নির্ধারণের বিষয় পর্যলোচনা হয়েছে। যা ওই সভার কার্যবিবরণীতে (আট) স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সারোয়ার কামাল রোববার বিডিনিউজকে বলেন, অর্থমন্ত্রণালয়ের অনুমোদন এবং স্বাস্থ্য মন্ত্রীর জ্ঞাতসারেই সরকারি হাসপাতালগুলোর বিভিন্ন ফি বৃদ্ধির ফাইলে তিনি স্বাক্ষর করেছেন।