২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং বকেয়া না দেয়ার জন্য হাইকোর্টের নির্দেশ

নাইকোর সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাবদ তাদের পাওনা পরিশোধ না করতে সোমবার হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ছাতকের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে কানাডীয় এই গ্যাস অনুসন্ধান কোম্পানির কূপে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়।

নাইকো এবং বাংলাদেশের পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এর মধ্যে সম্পাদিত জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট (জেবিএ) কেন বাতিল করা হবে না, হাইকোর্ট এই মর্মে কারণ দর্শানোরও নির্দেশ দেন।

বাপেক্স পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান।

এছাড়া হাইকোর্ট সরকার, নাইকো এবং বাপেক্স কর্তপক্ষের মধ্যে অবৈধভাবে চুক্তি হওয়ায় এর কার্য প্রক্রিয়া কেন বাতিল হবে না এবং কেন নাইকোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে কারণ দশানোর জন্য রুল জারি করেন।

বিচারপতি এমএ রশিদ এবং বিচারপতি ফজলুর রহমানকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি ভ্যাকেশন বেঞ্চ এই রুল জারি করেন। ছয় সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।

হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন আদেশে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে অগ্নিকান্ডের ঘটনা অনুসন্ধানের লক্ষে গঠিত তদন্ত কমিটির সকল প্রতিবেদন ১৫ দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেন এবং আদালতের আদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে নাইকোর বিরুদ্ধে কি ব্যবস্থা গৃহীত হচ্ছে, তার সুনির্দিষ্ট উল্লেখসহ রিপোর্ট পেশ করতে বলেন।

নাইকোর সাথে জেবিএ’র বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের শুনানি শেষে হাইকোর্ট নাইকোর শেয়ার হোল্ডারদের নাম ও অন্যান্য তথ্য আদালতে পেশ করার জন্যও সরকারকে নির্দেশ দিয়েছেন।

ছাতক ও ফেনীর প্রান্তিক/পরিত্যক্ত গ্যাস ফিল্ডগুলো থেকে গ্যাস উত্তোলন ও উৎপাদনের লক্ষে ২০০৩ সালের ১৬ অক্টোবর বাপেক্স এবং নাইকো রিসোর্সসে লি. এর মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়।

নাইকো ফেনী গ্যাস ফিল্ডের উন্নয়ন ঘটায় এবং জাতীয় গ্রীডে দিনে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে।

এ পর্যন্ত তারা ফেনী থেকে গ্যাস সরবরাহ বাবদ পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পায় এবং পেট্রোবাংলার কাছে পাওনা আছে আরও ১৫ মিলিয়ন ডলার।

নাইকোর দায়িত্বহীনতার জন্য ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে জানুয়ারি ও জুন মাসে দু’বার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর ফলে ব্যাপক পরিমানে গ্যাস পুড়ে নষ্ট হয় এবং পরিবেশে এর বিরুপ প্রভাব পড়ে।

নাইকোর সাথে জেবিএ’র বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার’স অ্যাসোসিয়েশন (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (এএসকে) এবং অধিকার নামে তিনটি মানবাধিকার সংগঠন রিট আবেদন করে।

জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, আইন সচিব, বন ও পরিবেশ সচিব, পেট্রোবাংলা চেয়ারম্যান, বাপেক্স নির্বাহী ব্যবস্থাপক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সুনামগঞ্জের উপ-কমিশনার, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের সভাপতিকে এতে জড়ানো হয়।

আবেদনকারীদের উপদেষ্টা ড. কামাল হোসেন জানান, সংবিধানের ১৪৩ ও ১৪৫ অনুচ্ছেদ লঙ্ঘন করে জেবিএ স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, পেট্রোবাংলার আইন লঙ্ঘনের সাথে সাথে বাংলাদেশ পরিবেশ আইন অবজ্ঞা করে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী ড. কামাল হোসেনকে আইনি প্রক্রিয়া পরিচালনায় সাহায্য করেন ব্যারিস্টার তানজিবুল আলম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামান আক্তার বুলবুল।

সরকার গঠিত কমিটিগুলো গ্যাস বিস্ফোরণের জন্য নাইকোকে দায়ী করে এবং তিন বিসিএফ গ্যাস পুড়েছে বলে জানায়।