২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনাঞ্চলের ইসলামী বীমা কোম্পানির ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি

খুলনাঞ্চলে কওমি মাদ্রাসার পর এবার ইসলামী বীমা কোম্পানির প্রতিনিধিদের কর্মকাণ্ডের ওপর নজরদারি করছে গোয়েন্দা পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

জাতীয় নিরাপত্তা সংস্থার একটি সূত্র সোমবার এ তথ্য জানায়।

সূত্র জানায়, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও যশোর এলাকায় বীমা কোম্পানিগুলোতে জামা’আতুল মুজাহিদীন ও তার সহযোগী সংগঠনের জঙ্গিরা বীমা কর্মীর ছদ্মবেশে সংগঠনের কাজ করছে।

গোয়েন্দাদের কাছে এ রকম তথ্য আসায় তারা কোম্পানিগুলোর ওপর নজরদারি করছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ গত ২ সেপ্টেম্বর সাতক্ষীরার টেংরাবাঠিলকি গ্রাম থেকে বীমা কোম্পানির প্রতিনিধি হাজী রিয়াজুলকে গ্রেফতার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে রিয়াজুল জামা’আতুল মুজাহিদিনের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জানায়, ওই সংগঠনের বেশ কিছু কর্মী বীমা কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছে।

এদিকে চরমপন্থী ও জঙ্গিদের সম্ভাব্য নাশকতামূলক হামলার আশঙ্কায় খুলনা বিভাগে ৬৯টি থানা পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে খুলনার ডিআইজি অফিস।