স্পেকট্রাম দুর্ঘটনা কবলিতদের ক্ষতিপূরণের প্রস্তাবনা
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় ক্রেতাদের প্রতিনিধি ও উচ্চ পর্যায়ের শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল রোববার স্পেকট্রাম গার্মেন্টেসের দুর্ঘটনা কবলিতদের ক্ষতিপূরণ দানের ব্যাপারে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেছে।
ইন্টারন্যাশনাল টেক্সটাইল, গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের (আইটিজিএলডব্লিউএফ) সাধারণ সম্পাদক নেইল কার্নি বলেন, ক্ষতিপূরণের কলাকৌশল নিয়ে স্পেকট্রাম গার্মেন্টসের ক্রেতাদের নিয়ে এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ সরকার ও শিল্প উদ্যোক্তাদের সাথে আমরা একটি বৈঠকে বসব।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক জানান, তিনি তাদের দেওয়া খসড়া প্রস্তাবের ব্যাপারে একমত নন।
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে নেইল কার্নি বলেন, আজকের বৈঠকে আমরা খসড়া প্রস্তাবটি ব্যাখ্যা করেছি। বিষয়টি নিয়ে এক সপ্তাহের মধ্যে ইউরোপে অনুষ্ঠিত একটি গোলটেবিলে আমরা আলোচনা করব।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুসহ সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নেইল কার্নি এ বছরের জুন থেকে এ পর্যন্ত এ নিয়ে চারবার বাংলাদেশ সফরে আসেন। বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে নেইল কার্নি জানান, গোলটেবিল আলোচনায় স্পেকট্রাম গার্মেন্টসের দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দান সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। দুর্ঘটনা কবলিতদের পারিবারিক সামর্থ এবং নিহত ও আহতদের ওপর তাদের পরিবারের নির্ভরতাসহ বিভিন্ন দিক বিবেচনায় আনা হবে এবং সে অনুযায়ী ক্ষতিপূরণের পরিমান নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
ক্ষতিপূরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির পুনরুদ্ধার সম্ভব হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে বিজিএমইএ সভাপতি জানান, স্থানীয় ব্যাপারে পশ্চিমা তত্ত্ব অনুযায়ী প্রণীত খসড়া প্রস্তাবে বিজিএমইএর কোনও সম্মতি নেই। ইউরোপে অনুষ্ঠিতব্য গোলটেবিল আলোচনার ব্যাপারে তিনি কিছু জানেন না বলেও জানান।
বাংলাদেশের গার্মেন্টস খাতের কমপ্লায়েন্স ইস্যুর ব্যাপারেও আইটিজিএলডব্লিউএফ’র সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে দেশের শ্রমিক আইন প্রণয়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়া মন্ত্রী নির্মান মান মেনে চলার জন্য শিগগিরই পুরাতন ভবন ও নতুন ভবনের ব্যাপারে একটি জরিপ পরিচালিত হবে বলে জানান।
সাভারের পলাশবাড়ির বাইপাইলে অবস্থিত স্পেকট্রাম গার্মেন্টসের নয় তলা ভবনটি নির্মাণ দুর্বলতার কারণে গত ১০ এপ্রিল ধসে পড়ে। ধসে যাওয়া ভবনে চাপা পড়ে প্রায় ৭৯ জন নিহত এবং বহু শ্রমিক আহত হয়।
