জাতীয় সংসদে মন্ত্রীদের দেয়া ৮৫০ টি অঙ্গীকারের মধ্যে মাত্র ১৭৫ টি বাস্তবায়ন হয়েছে
চলতি সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা ৮৫০ টি অঙ্গীকার করেছেন, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে মাত্র ১৭৫ টি।
রোববার বিরোধী দলীয় এক সাংসদ সংসদে দেয়া অঙ্গীকার বাস্তবায়ন না করায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের কঠোর সমালোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সংসদে দেয়া তাদের অঙ্গীকার রক্ষা করেন নি, পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জাতীয় পাটির্র (এরশাদ) সাংসদ মশিউর রহমান রাঙ্গা এ অভিযোগ করেন।
মশিউর রহমান আরও বলেন, অনেক মন্ত্রী সংশ্লিষ্ট স্থায়ী কমিটির কাছে তাদের রিপোর্ট জমা দেন নি।
তিনি বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংসদে ১১৫ টি অঙ্গীকার করলেও বাস্তবায়ন করেছে মাত্র ৩৩ টি। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয় ৮৯ টি অঙ্গীকারের বিপরীতে বাস্তবায়ন করেছে মাত্র ৬ টি অঙ্গীকার।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ৪০ টি অঙ্গীকারের মধ্যে মাত্র সাতটি এবং ভূমি মন্ত্রণালয় ১৭ টির মধ্যে আটটি অঙ্গীকারের বাস্তবায়ন করেছে।
তিনি জানান, যোগাযোগ মন্ত্রণালয় ২১ টির মধ্যে পাঁচটি, পাট ও বস্ত্র মন্ত্রণালয় ১৮ টির মধ্যে দুইটি এবং সংস্থাপন মন্ত্রণালয় ২২ টির মধ্যে মাত্র একটি অঙ্গীকারের বাস্তবায়ন করেছে।
