২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আটক ৩ আফ্রিকানকে স্বদেশ পাঠানোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক

বাগেরহাট কারাগারে নিরাপত্তা হেফাজতে থাকা তিন আফ্রিকান নাগরিককে স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাগিদ দিয়ে চিঠি পাঠিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এদিকে জেলা প্রশাসক মো. মঈন উদ্দিন বিডিনিউজকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে তাদের দেশে ফিরতে অন্তত আরও একমাস অপেক্ষা করতে হবে।

বাগেরহাট জেলে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, নিরাপত্তা হেফাজাতে আফ্রিকার সি-শেল দ্বীপ রাষ্ট্রের তিন অধিবাসী হলো নাবিক জন নরিস, রবিন শ্যামপন এবং জেন পিয়ারে। মাসাধিকাল ধরে পরিবারের সদস্যদের সাথে কোনও যোগাযোগ না থাকায় তাদের মানসিক বিপর্যয় ঘটছে। দেশে ফেরার জন্যে তারা খুবই উদগ্রীব। জেলের মধ্যেও তারা ভাল নেই।

কারাগার সূত্র জানায়, জেলে নিরাপত্তা হেফাজতের জন্যে পৃথক কোনো ব্যবস্থা না থাকায় সাধারণ কয়েদীদের সঙ্গে ওই তিন বিদেশি নাগরিককে থাকতে হচ্ছে এবং কারা কর্তৃপক্ষের সরবরাহ করা দৈনন্দিন খাদ্য তারা খেতে পারছে না। তারা বাইরে থেকে আনা রুটি, গরুর মাংস এবং ফল জাতীয় খাবার খেতে আগ্রহী।

কারা সুপারিনটেনডেন্ট মো. আবু জাহিদ এ বিষয়ে বিডিনিউজকে বলেন, আদালতে তাদের কিছু অর্থ জমা রয়েছে। অর্থগুলো কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। ওগুলো পেলে তাদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করা যাবে।

আফ্রিকার ওই তিন বন্ধুর বক্তব্য অনুযায়ী জানা যায়, ২ আগস্ট ২০ দিনের সমুদ্র ভ্রমণে বের হওয়ার পর ১৮ দিনের মাথায় তাদের নৌযানের পাল ছিঁড়ে গেলে তারা সমুদ্রে বিপর্যয়ের মধ্যে পড়ে। বাংলাদেশ নৌবাহিনীর একটি দল ৩১ আগস্ট বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমান্ত থেকে অভুক্ত ওই তিন নাবিককে উদ্ধার করে। এরপর আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলহাজতে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।