২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ফুলতলার সবুজ বিপ্লব: উৎপাদন হয় দেশের এক চতুর্থাংশ চারা গাছ

চারাগাছ উৎপাদন করে খুলনার ফুলতলার আলাদা রকমের একটি পরিচিতি গড়ে উঠেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 09:55 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

কৃষি সম্প্রসারণ বিভাগের হিসেবে, বর্তমানে দেশের এক-চতুর্থাংশ চারাগাছ আসছে এই ফুলতলা থেকে। এ পরিমাণ চারাগাছের যোগান দিতে এই একটি উপজেলার মাত্র পাঁচটি গ্রামে গড়ে উঠেছে দেড় সহস্রাধিক নার্সারি। সংগ্রাম ও সাফল্যে উদ্দীপিত হয়ে ফুলতলার অসংখ্যা মানুষ জীবন জীবিকার অবলম্বন হিসেবে নার্সারি ব্যবসাকে বেছে নিয়েছে। পাশাপাশি পাঁচ গ্রাম জুড়ে বিস্তৃত হয়েছে তাদের ‘সবুজ সাম্রাজ্য’।

ফুলতলা কৃষি সম্প্রসারন বিভাগ জানায়, উপজেলার বুড়িয়ারডাঙ্গা, বেজেরডাঙ্গা, আলকা, পয়গ্রাম কসবা, দক্ষিণডিহি গ্রাম এলাকা জুড়ে মূলত এখানকার নার্সারি শিল্পের বিকাশ ঘটেছে। তিনশ‘ হেক্টর জমিতে এক হাজার ৭৭৮টি বাগান তৈরি হয়েছে। দিন দিন এর সংখ্যা বাড়ছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শঙ্কর কুমার মজুমদার বিডিনিউজকে জানান, স্বাধীনতার পর পরই এখানে বাণিজ্যিকভাবে নার্সারি চারাগাছ ও কলম চাষের সূচনা ঘটলেও সাম্প্রতিক বছরগুলোতে এর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। ফুলতলার নার্সারির এ খবর এক সময় পৌঁছে যায় স্থানীয় প্রশাসনিক মহলে।

ফুলতলার এ বিপ্ল¬বকে আরো বেগবান করতে ১৯৯০ সালের দিকে এগিয়ে আসেন খুলনার তৎকালীন জেলা প্রশাসক কাজী রিয়াজুল হক, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন ভুঁইয়া, ইউএনও খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাখন লাল দাস প্রমুখ। তারা এ এলাকার তরুণদের পরামর্শ উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে নার্সারি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরই ফুলতলার পরিশ্রমী তরুণরা অনুপ্রাণিত হয়ে ওঠে লাভজনক এ নার্সারি ব্যবসাটির প্রতি।

তিনি আরও জানান, এ উপজেলার নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিকের সংখ্যা এখন ১০ হাজারেরও বেশি। বর্তমানে ফুলতলা থেকে দেশের বিভিন্ন এলাকায় বছরে দুই কোটিরও বেশি গাছের চারা সরবরাহ হয়ে থাকে। সারা দেশের মোট চাহিদার এক-চতুর্থাংশ চারা এ উপজেলা থেকেই সরবরাহ হয়ে থাকে। দেশে সামাজিক বনায়নের ক্ষেত্রে এটি একটি বিশাল অবদান বলে শঙ্কর কুমার মন্তব্য করেন।

সবুজ গ্রামগুলোর মাঝ বরাবর দিয়ে বয়ে গেছে খুলনা-যশোর মহাসড়ক। মহাসড়কের দুই পাশে নার্সারির সবুজ আর সুশোভিত হরেক রকম ফুলের দৃশ্য যে কাউকে আকৃষ্ট করে। সড়কটির দুই পাশ বরাবর বেজেরডাঙ্গা, বুড়িয়ার ডাঙ্গা ও শেষ সীমানা এলাকায় গড়ে উঠেছে নার্সারিগুলোর অর্ধ শতাধিক চারা ও কলম বিক্রয় কেন্দ্র। এখানকার চারাগাছ ও চারা কলমের দেশ জুড়ে খ্যাতি থাকায় প্রত্যন্ত অঞ্চল বিশেষত উত্তরবঙ্গ থেকে মৌসুমের শুরুতেই পাইকারি ও খুচরা ক্রেতাদের ভীড় দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিক্রয় কেন্দ্রগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়।

ফুলতলার নার্সারি মালিকরা জানান, বর্তমানে এ এলাকার নার্সারিগুলোতে পঞ্চাশ প্রজাতির ফলজ, চলি¬শ প্রজাতির বনজ এবং তিনশ প্রজাতির দেশি-বিদেশি ফুল গাছের চারা ও কলম উৎপাদিত হচ্ছে। বুড়িয়ারডাঙ্গা গ্রামের আক্তার সরদার জানান, অন্য নার্সারি গুলোর মত তার নার্সারিতেও সব ধরনের ফলজ গাছ, বিশেষ করে আম ও সবেদার চারায় নার্সারিগুলো সমৃদ্ধ। রাজশাহীর ফজলী, ল্যাংড়া, হিমসাগর, কৃষ্ণভোগ, লকনা, গোপালভোগ, গোবিন্দভোগ, সর্যপুরির চারা থেকে শুরু করে হাইব্রিড আম্রপালি, মলি¬কা, সুবর্ণরেখা, চোষা, হাইব্রিড-১০১৫, বেনিসান, এমএল-৪৯, চিনি দোফালা সবই তিনি উৎপাদন করেন। এসব আমের চারা বিক্রি হয়ে পাইকারি দরে। দু-তিন ফুট উচ্চতার চারা গড়ে ২৫ টাকা এবং ৮-১০ ফুট উচ্চতার চারা ১০০ থেকে ১৫০ টাকা। তার নার্সারি থেকে বছরে শুধু আমের চারাই বিক্রি হয় ৫০ হাজার।

আম ছাড়াও আরো অনেক দুর্লভ জাতের ফলজ চারা উৎপাদিত হয় বুড়িয়ারডাঙ্গার মনিরুল, বেজেরডাঙ্গার ইব্রাহীম সহ এই পাঁচ গ্রামের আরো অনেকের নার্সারিতে। এর মধ্যে রয়েছে আপেল কুল, পটল আকৃতির মালয়েশিয়ান কুল, থাই জামরুল (ওজন ১০০ গ্রাম) ও বিভিন্ন ধরনের বিদেশী লিচু (যেমন চায়না ওয়ান, টু ও থ্রি, বেদানা, মাদ্রাজী, মোজাফফরপুরি, কাঁঠাল প্রভৃতি)। এসব জাতের লিচু আকারে বড় খেতেও সুস্বাদৃ। চারার দামও কম নয়-প্রতিটি অন্তত তিন শ টাকা মনিরুল জানান, তিনি বিশেষ জাতের মিষ্টি কমলা, মিষ্টি আঙ্গুর এবং মিষ্টি তেতুঁলের চারাও উৎপাদন করেন, যা এ দেশের সব এলাকায় ফলানো সম্ভব।

দেশে নার্সারি শিল্প বিকাশে সমস্যা ও সম্ভাবনার ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা এবং নার্সারি মালিকরা অভিন্ন মন্তব্য করেছেন। তারা জানান, বাংলাদেশের কোথাও মডেল নার্সারি গড়ে ওঠেনি, এ জন্য যে কারিগরি জ্ঞান দরকার তারও ঘাটতি রয়েছে। তাই দরকার উন্নতর প্রশিক্ষণ এবং আর্থিক ঋণ প্রদান। সরকারের কাছেও কিছু দাবি আছে নার্সারি মালিকদের। এগুলো হলো ক্ষুদ্র উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখার স্বার্থে এ ব্যবসার শুধু দেশী চাষীদের মধ্যে সীমাবদ্ধ রাখা, নার্সারি শিল্পকে বিশেষ শিল্পের মর্যাদা দান, উপযুক্ত প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উপদেষ্টা নিশ্চিত করা, কৃষিতে ব্যাংক ঋণের সুদের হার পাঁচ শতাংশের নিচে হ্রাস করা ও প্রকৃত যোগ্যতম ব্যক্তিকে ঋণ দেওয়া।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শঙ্কর কুমার মজুমদার বলেন, ফুলতলায় নার্সারি শিল্পের বিপ্ল¬ব ঘটিয়েছে এখানকার উদ্দ্যোমী তরুণ সমাজ। যা দেশের অন্য কোথাও ঘটেনি। এখন এ ব্যাবসাকে টিকিয়ে রাখা এবং আরো প্রসারিত করার জন্য যা যা করণীয় কৃষি বিভাগ তা করছে। কৃষি বিভাগ কৃষকদের প্রশিক্ষণ, রোগ-বালাই প্রতিরোধ এবং টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে। এছাড়া প্রতি বছর বৃক্ষ মেলার আয়োজন এবং নার্সারি ব্যবসার ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হয়ে থাকে। পাশাপাশি সরকারি বন বিভাগকে এগিয়ে আসার দরকার। তিনি বলেন, সরকার আরেকটু আন্তরিক হলে এ এলাকাটি দেশের নার্সারি জোন হিসেবে সহজে গড়ে তোলা সম্ভব।