যশোরের শার্শা উপজেলার কৃষকরা ভর্তুকি মূল্যে সার পাচ্ছে না
ডিলার ও খুচরা সার ব্যবসায়ীদের সৃষ্ট কৃত্রিম সংকটের ফলে যশোরের শার্শা উপজেলার কৃষকরা সরকারের দেওয়া ভর্তুকি মূল্যে সার পাচ্ছে না।
বাগআচড়া, নাভারণ, শার্শা, বেনাপোলসহ উপজেলার ছোট-বড় প্রায় ৩৫টি হাটবাজারে চড়া দামে ভর্তুকির সার বিক্রি করা হচ্ছে।
জানা যায়, বিসিআইসি কর্তৃক নিয়োগকৃত সার ডিলারদের নোয়াপাড়া থেকে সার ভর্তুকি মূল্যে নিজ নিজ এলাকায় পৌঁছানোর কথা থাকলেও ডিলাররা এলাকায় সার পৌঁছাচ্ছে না।
এ সুযোগে খুচরা ব্যবসায়ীরা সারের সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে চাষীদের কাছে বিক্রি করছে।
তাছাড়া চাষীদের জন্য সারের সরকারি ভর্তুকি মূল্য নির্ধারিত থাকলেও এক্ষেত্রে ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা নিয়ম নীতি মানছে না।
যশোর জেলায় নিয়োগকৃত ১৭ জন ডিলার অব্যাহতভাবে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাদের এরকম নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা।
প্রতি ব্যাগ ইউরিয়া সারের কারখানা হতে ক্রয় মূল্য ২৪০ টাকা। এর বিপরীতে বর্তমানে পরিবহন খরচ দেখিয়ে ডিলাররা প্রতি ব্যাগ ২৮৮ টাকা মূল্যে বিক্রি করছে। অথচ ইউরিয়া সারের বর্তমান মূল্য ৩১০ টাকা থেকে ৩৩০ টাকা। টিএসপি ৬৯৫ টাকা, ডিএপি ৯১৫ টাকা এবং চায়না টিএসপি ৫৮০ টাকা। জিপ-সাম ও এসএসপিসহ বাজারে প্রতিটি সার উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। খুচরা ও পাইকারি সার বিক্রেতারা ভর্তুকি মূল্য ছাড়া ইচ্ছাকৃত মূল্যে সর্বপ্রকার সার কৃষকদের কাছে বিক্রি করছে।
এদিকে শার্শা উপজেলার ১৭ জন ডিলারের অধিকাংশের নিজস্ব গুদাম না থাকায় নোয়াপাড়া বাজার থেকেই খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করে দিচ্ছে বলে জানা যায়।
এর ফলে স্থানীয় বাজারের খুচরা বিক্রেতারা বিভিন্ন অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভর্তুকি মূল্য ছাড়াই উচ্চ মূল্যে বিক্রি অব্যাহত রেখেছে।
ভর্তুকি মূল্যে ও উচ্চ মূল্যে সার বিক্রির ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আকবর আলী বিডিনিউজকে জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জনস্বার্থে সর্বপ্রকার সার ২৫% হারে ভর্তুকি মূল্যে বিক্রির সরকারি নির্দেশ রয়েছে। উচ্চ মূল্যে সার বিক্রিকারীদের লাইসেন্স বাতিল করা হচ্ছে।
