২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের সংকট, লিটার প্রতি ২/৩ টাকা দাম বৃদ্ধি

সরকার নতুন কোটা পদ্ধতি চালুর পর পাম্পগুলোতে চাহিদার তুলনায় অর্ধেক বা তারও কম তেল সরবরাহ করা এবং দাম বৃদ্ধির ফলে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আর এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেওয়ায় ক্রেতারা, বিশেষ করে মধ্যবিত্ত ও নিুমধ্যবিত্ত মানুষ জ্বালানি তেল কিনতে হিমশিম খাচ্ছে। বিডিনিউজ’র জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে এ চিত্র পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, বরিশালে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের সংকট।

শুক্র থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ডিপো থেকে পাম্পগুলোতে প্রয়োজনের তুলনায় এক তৃতীয়াংশ তেল সরবরাহ করায় এ কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।

এ সুযোগে পাম্প এবং খুচরা বিক্রেতারা গত তিন থেকেই লিটার প্রতি তেলের মূল্য ৭/৮ টাকা বাড়িয়ে দিয়েছে।

রোববার দেশব্যাপী তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে বরিশাল নগরীতে তিন দিনের মধ্যে দ্বিতীয় দফায় তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে নগরীর রূপাতলী ফিলিং স্টেশন, লিলি ফিলিং স্টেশন, ডোস ফিলিং স্টেশনে কর্তব্যরতরা বিডিনিউজকে জানান, তাদের প্রত্যেকের প্রতিদিন তিন হাজার লিটার ডিজেল, এক হাজার লিটার পেট্রোল এবং ১,২০০ লিটার অকটেন প্রয়োজন।

সরকার তেলের মূল্য বৃদ্ধির ৩/৪ মাস আগে থেকে ডিপোগুলো র্যাশনিং পদ্ধতিতে তাদের চাহিদা পূরণ করে আসছে। এ হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে ফিলিং স্টেশনগুলোতে অবস্থানের ভিত্তিতে ৩৫ থেকে ৫০ হাজার লিটার জ্বালানি প্রয়োজন। আবার এ প্রয়োজনের বিপরীতে ডিপোগুলো এক-তৃতীয়াংশ জ্বালানি সরবরাহ করছে বলে ফিলিং স্টেশনের কর্মকর্তারা বিডিনিউজকে জানান।

ফিলিং স্টেশনের এ অভিযোগ অস্বীকার করে যমুনা ডিপোর এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, তাদের ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে। শনিবার রাতে দ্বিতীয় দফায় বরিশালে জ্বালানি সরবরাহ করা হয়েছে এবং একই সাথে বরিশাল নগরীর পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে জ্বালানি সংকটের কারণে খুচরা বিক্রেতারা অকটেন ৪৮ টাকা, পেট্রাল ৪৫ টাকা এবং ডিজেল সর্বোচ্চ ৩৬ টাকা লিটার দরে বিক্রি করছে।

বিডিনিউজ নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের বিভিন্ন হাট-বাজার ও দোকানে ডিজেল ও কেরোসিনের সঙ্কট দেখা দিয়েছে। ফলে বাজারের নির্ধারিত মূল্যের চেয়ে গ্রাহকদের বেশি দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে।

সরকারিভাবে দাম বৃদ্ধি না পেলেও গ্রাহকরা চড়াদামে ডিজেল ও কেরোসিন কিনতে বাধ্য হচ্ছে। ফলে স্বল্প আয়ের নিু মধ্যবিত্ত ও নিুবিত্তরা ভোগান্তির শিকার হচ্ছে।

বাজারে ডিজেল ও কেরোসিনের লিটারপ্রতি মূল্য ২৬ টাকা হলেও খুচরা বাজারে প্রতি লিটার বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। গত তিনদিন ধরে সদরের একমাত্র পাম্পের পাশাপাশি পাইকারি দোকানগুলোতেও জ্বালানি তেলের সঙ্কট সৃষ্টি হয়েছে। শুধুমাত্র সরকারি ও অল্প কিছু বাস ট্রাক ছাড়া অন্যদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না।

এ ব্যাপারে নড়াইলে পান্না পেট্রোলিয়াম পাম্পের কর্মকর্তা মিন্টু বিশ্বাস বিডিনিউজকে জানান, সরকার নতুন কোটা পদ্ধতি চালু করায় চাহিদার তুলনায় অর্ধেক কম তেল দেওয়া হচ্ছে। ফলে এ সংকট সৃষ্টি হয়েছে।

অন্যদিকে অভিযোগ রয়েছে, জ্বালানি তেলের ডিলাররা তেলের মজুদ গড়ে তুলে কৃত্রিম সংকটট সৃষ্টি করছে।  

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অশুভ প্রভাব পড়েছে জেলার জ্বালানি তেলের বাজারে। শনিবার থেকে জেলার বিভিন্ন স্থানে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।

জেলা শহরে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে সরকারিবাবে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি হলেও উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তা অধিক মূল্যে বিক্রি হচ্ছে। সরকারিভাবে তেলের বাজারে নিয়ন্ত্রণ না থাকায় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়দা লুটছে।