এক বছরের মধ্যে সকল শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপন করতে হবে: পরিবেশ মন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, দূষণমুক্ত পরিবেশ রক্ষার্থে আগামী এক বছরের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সকল শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপন করতে হবে।
মন্ত্রী দেশের পরিবেশ ও জনস¦াস্থ্যের বিষয় বিবেচনা করে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে শিল্প বর্জ্য পরিশোধনাগার স্থাপনে শিল্পপতিদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। এব্যাপারে সরকার কারিগরি সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান।
নরসিংদীর মাধবদীতে জেনিথ ফেব্রিক্স মিলে বর্জ্য পরিশোধন প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, স¦ল্প বিনিয়োগে পরিচালিত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উচ্চ প্রযুক্তি সম্পন্ন শোধনাগার স্থাপন কষ্টকর। সেক্ষেত্রে স্থানীয় প্রযুক্তির মাধ্যমে ব্যয় সাশ্রয়ী পরিশোধনাগার স্থাপন করা যেতে পারে।
তরিকুল ইসলাম জানান, সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে পরিশোধনাগার স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে প্রধান করে শিল্প প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি সমন¦য়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পঞ্চগাঁও ও চরপাড়ায় এম এইচ টেক্সটাইল মিলে স্থানীয়ভাবে উদ্ভাবিত পরিশোধনাগার পরিদর্শন করেন। পরে তিনি রূপগঞ্জে সানসাইন ফ্যাশন নিটিং মিলে উচ্চ প্রযুক্তির বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন করেন।
অনুষ্ঠানে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক খান ইব্রাহীম হোসেন এবং বাংলাদেশ টেক্সটাইল ডাইং অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হুদা মাসুম বক্তব্য রাখেন।
