জামালপুরে দ্বিতীয় বিয়ে করায় জামাই খুন
স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করায় জামালপুর সদর থানার কুমারপাড়া গ্রামে শনিবার বেলাল (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে।
পুলিশ জানায়, সদর থানার মেলান্দহ হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র বেলালের সাথে পাঁচ ছয় বছর আগে কুমারপাড়া গ্রামের মৃত সবুর মণ্ডলের কন্যা শিউলির বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
কিন্তু ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে বেলাল ঢাকায় থাকত। সেখানে কিছুদিন আগে সে দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ের কথা জানার পর প্রথম স্ত্রী শিউলি সদর থানায় স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে এবং বাবার বাড়ি চলে যায়।
গ্রামে ফিরে বেলাল শনিবার শিউলিতে আনতে শ্বশুর বাড়ি গেলে বাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় বেলালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
