২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই মামলায় ৪ র‌্যাব সদস্যের কারাদণ্ড

গাবতলীর এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৪ এর চার কর্মকর্তা ও দুই সোর্সকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের কারদণ্ড দেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ঢাকার দ্রুত বিচার চার নং আদালতের ম্যাজিস্ট্রেট তৌফিকুল আলম সোমবার এ রায় দেন।

এ মামলায় দণ্ডিতরা হচ্ছে-র‌্যাব কর্মকর্তা বিমান বাহিনীর সাবেক সার্জেন্ট এসআই আতিকুর রহমান ও এসআই অলিউল্লাহ, পুলিশের এসআই রফিকুল ইসলাম ও কনস্টেবল খোরশেদ আলম এবং পুলিশের সোর্স মাসুদ মৃধা ও মফিজুর রহমান বাবুল।

মামলার বিবরণে জানা যায়, এ বছরের ২৩ মার্চ গরু ব্যাপারি রতন আলী রাজশাহী থেকে গরু এনে ঢাকার গাবতলী হাটে বিক্রি করে। বিক্রিত ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে তিনি তার বাসা মিরপুরের কোটবাড়িতে রাখেন। ১০/১৫ মিনিট পরে আসামিরা র‌্যাব-এর পরিচয় ব্যবহার করে রতনের বাসায় যায় এবং ক্রস ফায়ারের ভয় দেখিয়ে সমস্ত টাকা ছিনিয়ে নেয়। এর পর পরই রতন এবং তার বাড়িওয়ালা খোকনের চিৎকারে লোকজন এসে হাতেনাতে র‌্যাব সদস্য আতিককে ধরে ফেলে।

আতিকের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অলিউল্লাহ ও খোরশেদকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা অন্যান্য আসামির নাম বলে। মামলার বিচারকালে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।