২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক, বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও গাড়ি তৈরিতে সহায়তা দিতে আগ্রহী ইরান

ইরান বাংলাদেশে সড়ক নির্মাণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও খুঁটি প্রস্তুত এবং গাড়ি তৈরি শিল্পে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা প্রদানে বিশেষভাবে আগ্রহী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে দু’দেশের মধ্যে শিল্প ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়াতে উভয় দেশের বেসরকারি উদ্যোক্তা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিগণ আলাপ-আলোচনার মাধ্যমে কার্যকর ক্ষেত্র চিহ্নিত করতে পারে।

বাংলাদেশ সফররত তেহরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ এন্ড মাইনস-এর প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা বেহেসদিয়ানের নেতৃত্বে সাত সদস্যের ইরানি শিল্প ও বাণিজ্য প্রতিনিধিদল শনিবার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সাথে তার শিল্প মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাৎকালে একথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ বেহেশতী মানফারেড এসময় উপস্থিত ছিলেন। তথ্য বিররণী।

সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের মধ্যে শিল্পখাতে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে প্রতিনিধিদলের সদস্যগণ বলেন, ইরান-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে বাংলাদেশের চট্টগ্রাম নৌ-বন্দর এবং ইরানের চাবাহার বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা বাংলাদেশে গাড়ি তৈরি শিল্পে ইরানের পক্ষ থেকে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা প্রদানের প্রস্তাব করেন। ইরানের সাথে বাণিজ্য বাড়াতে বাংলাদেশে সিকেডি এবং সিবিইউ পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ব্যবধান আরো বাড়ানো প্রয়োজন বলে প্রতিনিধিদলের সদস্যগণ অভিমত ব্যক্ত করেন।

শিল্পমন্ত্রী বাংলাদেশের জনগণের সাথে ইরানের আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে উলে¬খ করে বলেন, এ সম্পর্ক বাস্তবে কাজে লাগাতে দু’দেশের মধ্যে অর্থবহ ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে হবে। তিনি এ লক্ষ্যে দু’দেশের নেতৃস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা প্রতিনিধিদলের মধ্যে সফর বিনিময় এবং ফলপ্রসূ আলাপ-আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

নিজামী বলেন, বাংলাদেশ ইরানের সাথে শিল্প ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সম্ভব সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। তিনি শিল্পায়নের ক্ষেত্রে ইরানের মহিলা উদ্যোক্তাদের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও ইরানের মহিলা উদ্যোক্তাগণ যৌথ বিনিয়োগে এগিয়ে এলে উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।