জয়পুরহাটে জামাআতুল মুজাহিদীন কমান্ডারের কন্যা ও পুত্রবধূকে গ্রেপ্তার
জামাআতুল মুজাহিদীনের জয়পুরহাটের কথিত কমান্ডার মন্তেজার রহমানের কন্যা মাহমুদা বেগম (১৯) ও পুত্রবধূ রোমা বেগমকে (২০) পুলিশ গ্রেপ্তার করেছে।
জেলার পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ক্ষেতলাল উপজেলার মহেশপুর গ্রাম থেকে পুলিশ বুধবার মন্তেজার রহমানের কন্যা ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জামাআতুল মুজাহিদীন সম্পর্কে অনেক তথ্য দিয়েছে। ফলে ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা দেখিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
২০০৪ সালের ১৪ আগস্ট মধ্যরাতে ক্ষেতলাল উপজেলার মহেশপুরে মন্তেজারের রহমানের বাড়িতে গোপন ঘাঁটির সন্ধান পেয়ে পুলিশ আকিষ্মিক অভিযান চালালে জঙ্গিদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনার পর মন্তেজার রহমান ও তার পুত্র আত্মগোপন অবস্থায় রয়েছে এবং পুলিশের কাছে তারা ‘মোস্ট ওয়ান্টেড’ আসামী।
