১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় বরিশালে আরও ৪ জন গ্রেফতার
সারাদেশে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার বরিশাল কোতয়ালী থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।
এ নিয়ে বরিশালে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হল।
সূত্র জানায়, ডিবি পুলিশের সহায়তায় কোতয়ালী থানা পুলিশ বৃহস্পতিবার ভোর থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর পুরানপাড়া জামে মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে জামাল মুন্সী (৩৫), মাসুদ হাওলাদার (১৮), নতুন বাজার থেকে মাওলানা সাইদুল ইসলাম চৌধুরী এবং বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রাম থেকে আরিফুর রহমান স্বপনকে গ্রেফতার করে।
বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বোমা বিস্ফোরণ মামলায় অন্তর্ভূক্ত করা হয়নি তবে পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, আগে গ্রেফারকৃত আল ইকরাম ইসলামী সমাজ কল্যান সংস্থার ব্যবস্থাপক গোলাম মোরশেদ চৌধুরী, হিসাবরক্ষক জালাল আরেফিন এবং সাঈদউদ্দিনকে বোমা বিস্ফোরণ মামলায় অর্ন্তভুক্ত করার প্রক্রিয়া চলছে।
