যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে: মেয়র খোকা
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা মাদকাসক্তদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণদান কার্যক্রম গ্রহণের মাধ্যমে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশে মাদকাসক্তের সংখ্যা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরণের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এ অবস্থার উত্তরণে সরকারের পাশাপাশি সুশীল সমাজ ও শিল্পপতিদের এগিয়ে আসতে হবে।
রোববার ঢাকার জনসন রোডে আহছানিয়া মিশনের উদ্যোগে বিত্তহীন মাদকাসক্তদের কল্যাণে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধনকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নির্বাহী কাজী রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন আইন কমিশনের সদস্য ড. এনামুল হক, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর রবার্ট কেলি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কামালউদ্দিন আহমেদ এবং প্রত্যাশার সভাপতি ও ওয়ার্ড কমিশনার লিয়াকত আলী।
ঢাকা আহছানিয়া মিশন জনসন রোডের নিরাময় কেন্দ্রটিতে ৬০টি শয্যার ব্যবস্থা রয়েছে। এসব শয্যায় দরিদ্র ও বিত্তহীন মাদকাসক্তদের বিনামূল্যে থাকা, খাওয়া, অষুধ ও চিকিৎসা দেওয়া হবে।
