৭ নভেম্বর থেকে ঢাকা-দুবাই-নিউইয়র্ক-রুটে এমিরেটসের দিনে দুটি করে ফ্লাইট
এমিরেটস এয়ারলাইন্স সাত নভেম্বর থেকে ঢাকা-দুবাই-নিউ ইয়র্ক রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট চালু করছে।
এছাড়া তারা আগামী এক নভেম্বর থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে নয়টি এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে চারটি যাত্রীবাহী ফ্লাইট চালু করতে যাচ্ছে।
বাংলাদেশে এমিরেটসের নব নিযুক্ত সেলস ম্যানেজার হানিফ জাকারিয়া রোববার শেরাটন হোটেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি জানান, আরামপ্রদ ভ্রমণের স্বার্থে প্রতিবছরই তাদের গ্রাহক সংখ্যা বাড়ছে। চাহিদার কারণে বাড়ছে কার্গো পরিধি। ভবিষ্যতে তাদের চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরো জানান, নিউইয়র্ক রুটে চলাচলকারী এয়ারবাস ৩৪০-৫০০ উড়োজাহাজে সকল শ্রেণীর যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে থাকছে অধিক শব্দ নিয়ন্ত্রিত কেবিন, অত্যাধুনিক আলোক সজ্জা, বিশ্বের ৫০০ চ্যানেলের ইন-ফ্লাইট বিনোদন, প্রথম শ্রেণীতে সমান্তরাল বিছানা, নতুন ভাবে সজ্জিত বিজনেস ও ইকোনমি ক্লাস।
হানিফ জাকারিয়া সাংবাদিকদের কাছে এমিরেটসের ব্যবসায়িক সাফল্যের নানা দিক তুলে ধরেন।
