বোমা বিস্ফোরণ: আটককৃতদের জেআইসিতে জিজ্ঞাসাবাদ, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদের জন্যে আনা জামা’আতুল মুজাহিদীনের কথিত সদস্য রবিউলকে নিয়ে গোয়েন্দা সদস্যরা শুক্রবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
জিজ্ঞাসাবাদে রবিউল জানায়, ঢাকার উত্তরা এবং এবং যাত্রাবাড়িতে জামা’আতুল মুজাহিদীনের দুটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পে দুজন বিদেশী প্রশিক্ষক বিভিন্ন সময় ইসলামী আইন কানুন এবং জিহাদ সম্পর্কে তাদের প্রশিক্ষণ দিয়েছে।
রবিউল আরও জানায়, জামা’আতুল মুজাহিদীনের ঢাকার পাঁচজন শীর্ষ নেতা ঢাকার হামলায় মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে। তাদের কাজে সমন্বয় করেন মাওলানা আকরামুজ্জামান। অন্যরা হলেন মাওলানা আবদুর রউফ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মাহাদ এবং শায়েখ মাওলানা নোমান।
যাত্রাবাড়ির একটি কওমী মাদ্রাসার পাশের একটি বেসরকারি ছাত্রাবাসে বসে হামলার মূল পরিকল্পনা করা হয় বলেও রবিউল জিজ্ঞাসাবাদে জানায়।
এদের মধ্যে মাওলানা মাহাদ ঢাকায় জামা’আতুল মুজাহিদীনের সদস্যদের জিহাদ সম্পর্কিত প্রশিক্ষণ দিতো বলেও জানা যায়। ঢাকার আক্রমণের মূল সমন্বয়ক ছিলেন মওলানা মনজুর আহমেদ।
গোয়েন্দা সূত্র জানায়, মওলানা আবদুর রউফ ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তার বাড়ি মাদারিপুরের রাজৈর থানার মজুমদারকান্দি গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ ইয়াহিয়া। দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করার জন্যে তিনি ১৯৯২ সালে ভারত চলে যান। এ মাদ্রাসায় একই সময় মুফতি হান্নানও লেখাপড়া করেছেন। দেওবন্দ থেকে তিনি ১৯৮৯ সালে পাকিস্তান যান। ১৯৯২ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। আবদুর রউফ ১৯৯৯ সালে কক্সবাজারে গ্রেপ্তার হন। পাঁচ মাস জেলে থাকার পর মুক্তি তিনি পান।
হামলার কথিত অন্য পরিকল্পনাকারি মাওলানা আকরামুজ্জামানও দীর্ঘদিন পাকিস্তানে ছিলেন। তিনি ২০০৩ সালে দিনাজপুরে সংঘটিত বোমা হামলার অন্যতম প্রধান অভিযুক্ত বলেও গোয়েন্দা সূত্র দাবি করে।
সূত্র মতে, মাওলানা আকরামুজ্জামানের সাংগঠনিক দায়িত্ব ঢাকা কেন্দ্রিক হলেও তিনি মূলত দিনাজপুরের রানীশংকৈল এবং সাতক্ষীরায় বসেই তার কার্যক্রম পরিচালনা করতেন। রাণীশংকৈলে তার একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলেও সূত্র জানায়। মওলানা আকরামুজ্জামানের এক ভাতিজা অতীতে বোমা বানাতে গিয়ে মারা যায়।
এদিকে সাতক্ষীরা থেকে আটক জামা’আতুল মুজাহিদীনের কর্মী নুরুজ্জামান জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ড. আসাদুল্লাহ আল গালিব গ্রেপ্তার হওয়ার পর শায়খ আবদুর রহমান সাতক্ষীরায় গিয়ে আত্মগোপন করে। আবদুর রহমানের সাথে তার (নুরুজ্জামান) সাত বার দেখা হয়েছে বলেও সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গোয়েন্দা সূত্র দাবি করে, আটক রবিউল তাদেরকে জানিয়েছে, ঘটনার সাথে চট্টগ্রামের মওলানা আবদুল্লাহ, মীর সোলায়মান এবং কুষ্টিয়ার মওলানা হাফেজ শহীদুল্লাও জড়িত ছিলো। আবদুল্লাহ চট্টগ্রামের ব্যাটারীগলির একটি মাদ্রাসার শিক্ষক। হাফেজ শহীদুল্লাহ ২০০৩ সালে দিনাজপুরের বোমা হামলার আসামি।
হামলায় খুলনার দায়িত্বে ছিলেন হাফেজ শহীদুজ্জামান, সাতক্ষীরার দায়িত্বে ছিলেন মাওলানা জসিম উদ্দিন এবং আবদুল জব্বার এবং কুমিল্লার দায়িত্বে ছিলেন হুমায়ুন কবীর।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, বিভিন্ন চাপের কারণে তারা ধরপাকড় করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে শনিবার পর্যন্ত ১৬ জনকে ঢাকার জেআইজিতে এনে জিজ্ঞাসাবাদ চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনীতি) মোহাম্মদ মহসীন জানান।
বুধবারের ধারাবাহিক বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শেরপুর ও লক্ষ্মীপুর থেকে শনিবার আরও আটজনকে গ্রেপ্তার করেছে।
