টাঙ্গাইলে নৌকাডুবিতে একই পরিবারের ১০জন নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাপড়া বিলে শুক্রবার রাতে নৌকাডুবিতে একই পরিবারের ১০ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে আটজনের মৃতদেহ শনিবার উদ্ধার করা সম্ভব হলেও অপর দুজনের লাশ এখন নিখোঁজ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনায়, ঘাটাইলের ধলাপাড়ার রামদেবপুর থেকে নৌকা যোগে ১৬ জন যাত্রী নিয়ে গাঙ্গাইর যাওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপ ও ঝড়ো হাওয়ায় চাপড়া বিলে ডুবে যায়। এদের মধ্যে ছয়জন সাঁতার কেঁটে তীরে উঠলেও বাকি ১০ জন নিখোঁজ হয়। শনিবার আটজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় জনতা এখন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
নিহতদের আত্মীয় স্বজনের আহাজারিতে চাপড়া বিলের আশেপাশের গোটা এলাকা শোকে ভারি হয়ে উঠেছে। নিহতরা হচ্ছে রামদেবপুর গ্রামের কোহিনুর বেগম (২৮), ছেলে জামান(৭), মেয়ে রোকসানা (৪), রহিমা বেগম (৩০), ছেলে সবুজ (৩), কাইকারচালা গ্রামের পারভীন (২২) ,মেয়ে রিতু (২), আলামিন (৫) এবং নিখোঁজ দুজন রামদেবপুর গ্রামের শাহআলম (৩২) ও শরিফা (২২)।
