চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণে শিথিলতা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণ কাজে শিথিলতা দেখা দিয়েছে।
এনসিটির নির্মাণ কাজের ঠিকাদার, কনসালট্যান্ট ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে এবং বন্দর চ্যানেলের ক্যাপিট্যাল ড্রেজিং প্রকল্পের বিষয়ে পোর্ট স্টিয়ারিং কমিটি বুধবার এক বৈঠকে মিলিত হবে বলে জানা যায়।
বন্দরের এনসিটি প্রকল্পের পরিচালক ও পোর্ট স্টিয়ারিং কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম বিডিনিউজকে জানান, বর্তমানে এনসিটি প্রকল্পের ৪০ শতাংশ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কাজ শেষ হয়েছে ২৫ শতাংশের মত।
এ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা নিরসনে করণীয় নীতি নির্ধারণ করা হবে আসন্ন বৈঠকে।
চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ৩৪৩ কোটি টাকা ব্যয়ে এনসিটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালের ফ্রেব্রুয়ারিতে।
২০০৬ এর আগস্টে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। ফ্রান্সের প্রতিষ্ঠান বীকম প্রকল্পের কনসালট্যান্ট এবং চীনের প্রতিষ্ঠান চায়না হারবারকে ঠিকাদার হিসেবে নিয়োগ করা হয়।
বন্দর সূত্র জানায়, বন্দরের নিজস্ব সমস্যার কারণেই এনসিটির নির্মাণ কাজ কিছুটা শ্লথ হয়ে পড়েছে।
এনসিটি চালু হলে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে।
২০০৪-০৫ অর্থবছরে ছয় লাখ টিইইউএস এর বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
এনসিটি চালু হলে আরও পাঁচ থেকে ছয় লাখ টিইইউএস বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে।
এনসিটিতে এক সাথে পাঁচটি ফিডার জাহাজ লোড আনলোড করা যাবে। এতে কন্টেইনার ইয়ার্ড থাকবে ২ লাখ ২০ হাজার বর্গমিটার।
চলতি বছরে এনসিটির একটি জেটি চালু করার ঘোষণা দেওয়া হয়েছিলো। কিন্তু নির্মাণ কাজে কাক্সিক্ষত অগ্রগতি না হওয়ায় আংশিক চালুর পরিকল্পনা ত্যাগ করা হয়।
বন্দরের বর্তমান কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা বছরে দুই লাখ টিইইউএস। অথচ এ ক্ষমতা নিয়ে হ্যান্ডলিং করা হয় ছয় লাখ টিইইউএসের বেশি কন্টেইনার।
এদিকে, বন্দর চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে ঠিকাদার নিয়োগের জন্যে বুধবার স্টিয়ারিং কমিটির বৈঠকে তারিখ চূড়ান্ত হতে পারে। ৭৪ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ অ্যান্ড টেস্টিং কমিটিকে (বিটিআরসি)। বর্তমানে বিটিআরসি ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের টেন্ডারপত্র তৈরি করছে।
নৌ পরিবহন সচিব রফিকুল ইসলাম বুধবারের স্টিয়ারিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন বলে বন্দর সূত্র জানায়।
