২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের ক্রসফায়ারে ২ চরমপন্থী সন্ত্রাসী নিহত

পাবনার ফরিদপুর উপজেলার হাদল দড়িপাড়ায় র‌্যাবের ক্রসফায়ারে ফরিদপুর উপজেলার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা মজিবর রহমান ওরফে মজিবর ও পানু মিয়া সোমবার গভীর রাতে নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যাসহ ৮/৯ টি মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ পাবনা ক্যাম্পের সদস্যরা রোববার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বাড়ইপাড়া ফার্ম এলাকা থেকে মজিবর রহমান এবং পানুসহ ছয়জনকে গ্রেফতার করে।

ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজশাহী র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

তারা র‌্যাবের কাছে গুরুত্বপূর্ন তথ্য দেয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব সদস্যরা রাত সড়ে নয়টায় তাদেরকে নিয়ে পাবনার ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌনে দুইটার দিকে উল্লিখিত স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ৯/১০ মিনিট ধরে গুলি বিনিময় হয়। এসময় মজিবর ও পানু মিয়া গুলিবিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি ২২ বোর রাইফেলের গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে।

তাদের সাথে আটক আরও দুজন আগের দিন র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়। নিহত পানু মিয়া আগের দিন নিহত বাবুল খাঁর ভাই।