৩ মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া প্রদানের জন্য মেটালেক্স কর্পোরেশনকে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট সোমবার মেটালেক্স কর্পোরেশন কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের নির্দেশ দিয়েছেন।
মতিউর রহমান ও নিখিল আচার্য্যসহ পাঁচ শ্রমিকের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত একই সাথে মেটালেক্স কর্পোরেশনের শেয়ার হস্তান্তর বৈধ ঘোষণা করেন। উল্লেখ্য, মেটালেক্স কর্পোরেশন আগে বাংলাদেশ স্টীল ও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের অঙ্গ সংগঠন ছিল।
মেটালেক্স কর্পোরেশনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সোমবার বিডিনিউজকে বলেন, শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের জন্য হাইকোর্ট কর্তৃপক্ষকে যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে তারা আপিল করবেন।
১৯৯৮ সালে খন্দকার দেলোয়ার হোসেনের কাছে মেটালেক্স কর্পোরেশনের শেয়ার বিক্রি করা হয়।
আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ড. এম জহির। অপর দিকে মেটালেক্স কর্পোরেশনের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন।
