শাবিপ্রবি’র শিক্ষক ড. মো. আবদুল হাই’র অধ্যাপক হিসেবে পদোন্নতি স্থগিত করেছেন হাইকোর্ট
হাইকোর্ট রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে ড. মোহাম্মদ আব্দুল হাই চৌধুরীর নিয়োগাদেশ স্থগিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যপক ড. ইয়াসমিন হকের দায়েরকৃত রিট পিটিশনের মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মতিন এবং বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই আদেশ জারি করে। এছাড়াও ড. মোহাম্মদ আব্দুল হাই চৌধুরীর নিয়োগ কেন বে-আইনী কর্তৃত্বহীন ঘোষণা করা হবে না এই মর্মে শাবি’র উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শাণোর আদেশও জারি করেছেন হাইকোর্ট ।
২০০৫ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত শাবিপ্রবি’র ১১৯ তম সিন্ডিকেট সভায় ড. ইয়াসমিন হককে বাদ দিয়ে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাই চৌধুরীকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। শিক্ষকতা জীবনে ড. ইয়াসমিন হক ড. মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী থেকে ১৫ বছরের জেষ্ঠ।
বাদীর পক্ষে ড. কামাল হোসেন মামলা পরিচলনা করেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট এমএ রশীদ।
