র্যাবের হাতে জামালউদ্দিন অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা রোববার পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে একটি বাড়ি থেকে চট্টগ্রামের কোটিপতি ব্যবসায়ী ও বিএনপি নেতা জামালউদ্দিন অপহরণ মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে।
র্যাবের ১১টি দল নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যানকে গ্রেফতার করতে সক্ষম হয়। জামালউদ্দিন অপহরণের পর থেকে সে পলাতক ছিল।
শহীদ ছদ্মবেশে সেখানে অবস্থান করছে, এ খবর পেয়ে র্যাব সদস্যরা কৌশলে সেখানে অবস্থান নেয়। শনিবার রাত ৯টায় ১৫ নম্বর জেটি এলাকায় একটি অটোরিকশায় ওঠার প্রাক্কালে র্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।
শহীদ প্রথমে তার নাম গোপন করে। কিন্তু পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে র্যাবের কাছে স্বীকার করে, সে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম এবং জামালউদ্দিন অপহরণ মামলার অন্যতম আসামি।
গ্রেফতারের পর র্যাব সদস্যরা প্রথমে তাকে ব্যাটালিয়ন-৭ এর পতেঙ্গা কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে, সে জামালউদ্দিন অপহরণের সঙ্গে জড়িত।
পরে র্যাব সদস্যরা তাকে নিয়ে অভিযানে বের হয়। শহীদের জবানবন্দি অনুযায়ী র্যাব সদস্যরা পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় তার শ্বশুর বাড়ির নিকটস্থ একটি জঙ্গল থেকে দু’টি হালকা মেশিন গান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
সাংবাদিক ও র্যাব সদস্যদের উপস্থিতিতে জামালউদ্দিন অপহরণের সাথে তার জড়িত থাকার কথা শহীদ স্বীকার করে। তবে এসময় সে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরীকেও দোষারোপ করে বলে, তিনি তার (শহীদ) ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছেন।
জামালউদ্দিনকে যে মাইক্রোবাসে করে অপহরণ করা হয়, তার চালক ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জানায়, ২০০৩ সালের ২৪ জুলাই রাতে আনোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ও ফটিকছড়ির কাশেম চেয়ারম্যান ব্যবসায়ী জামালউদ্দিনকে গাড়িতে করে সাত জনের অপহরণকারি একটি দলের হাতে তুলে দেয়। তারপর থেকেই দুই চেয়ারম্যান পলাতক ছিল এবং দেশ থেকে পালিয়ে গেছে বলে জানা যায়।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকালে জামালউদ্দিনের পরিবার অপহরণকারি হিসেবে দুই ইউপি চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে।
এদিকে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের গ্রেফতারের খবর পেয়ে জামালউদ্দিনের বড় ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন র্যাব অফিসে হাজির হন। তিনি বিডিনিউজকে বলেন, র্যাব কর্মকর্তারা তার সাথে রেব হয়েছেন, তবে তারা গ্রেফতারের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
জামালউদ্দিন অপহরণের অন্যতম পরিকল্পনাকারী কাশেম চেয়ারম্যানকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
জামালউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম (উত্তর) শাখার সহ-সভাপতি ছিলেন। ২০০৩ সালের ২৪ জুলাই চান্দগাঁওয়ে বাড়ি ফেরার পথে তিনি অপহৃত হন।
