২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৩ তম সার্ক সম্মেলন উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নভেম্বরের ১২-১৩ তারিখে ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা জনিত কারণে ভারতের প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানালে সম্মেলন স্থগিত হয়ে যায়।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সার্ক সম্মেলনের নিরাপত্তা কমিটির বৈঠকে নিরাপত্তার খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার প্রধানগণ এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত এবং পাকিস্তানের প্রতিনিধিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সম্মেলন চলাকালে ঢাকাকে একটি সম্পূর্ণ নিরাপদ নগরীতে পরিণত করার জন্য নিরাপত্তা সংক্রান্ত আরও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈঠকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর, স্থল ও সমুদ্র বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়।

বিমান বন্দরের অভ্যন্তরে প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপসহ মালপত্রও কঠোরভাবে পরীক্ষা করা হবে। সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সার্ক নেতৃবৃন্দ বাংলাদেশে আগমনকালে জিয়া আন্তুর্জাতিক বিমান বন্দরে নিরাপত্তা সংকেত জারি করা হবে।

গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, রাজধানীর সকল প্রবেশ ও বহির্গমন পথের ওপর গোয়েন্দা ও আইন প্রয়োগকারি সংস্থার কর্মকর্তারা কড়া নজর রাখবে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, স্থানীয় থানা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দেশে যাত্রা কিংবা সার্কাস আয়োজন করা যাবে।

এর আগে জানুয়ারিতে মন্ত্রণালয়ের সপ্তম বৈঠকে সারাদেশে যাত্রা ও জুয়া খেলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সার্ক নেতৃবৃন্দ ও পররাষ্ট্র মন্ত্রিদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সদস্যদেরও নিয়োজিত করা হবে।

এছাড়া সম্মেলন চলাকালে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বভিন্ন বস্তি, হোটেল এবং নগরীর অন্যান্য সন্দেহজনক এলাকায় কঠোর অভিযান চালানো হবে।

সার্ক প্রতিনিধিদের নিরাপত্তার জন্য চারটি সাব কমিটি গঠন করা হয়েছে।