চিকিৎসার জন্য এলজিআরডি ও বস্ত্র মন্ত্রীর বিদেশ যাত্রা
বিএনপি’র নেতৃত্বাধীন জোটসরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী অসুস্থ্য অবস্থায় চিকিৎসা গ্রহণের জন্যে বুধবার ঢাকা ত্যাগ করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া সিঙ্গাপুরে এবং বস্ত্র ও পাট মন্ত্রী শাজাহান সিরাজ গেছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক।
শাজাহান সিরাজ উচ্চ রক্তচাপ ও হৃদপিন্ডের জটিলতায় গত ০৮ আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-তে ভর্তি হন।
চিকিৎসা শেষে এলজিআরডি মন্ত্রী আগামী ১৭ আগস্ট ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ্ আল নোমান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আবদুল মঈন খান, এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, হুইপ আলহাজ মোঃ জাহেদ আলী চৌধুরীসহ বিএনপি’র নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের সচিব ও কর্মকর্তারা উভয় মন্ত্রীকে বিমান বন্দরে বিদায় জানান।
উভয় মন্ত্রী তাদের আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।
