৩০ টাকা ঘুষ নেয়ায় খুলনার রূপসা থানার ওসি ক্লোজ
থানায় জিডি করার সময় ৩০ টাকা গ্রহণ করায় খুলনা মহানগরের রুপসা থানার ওসি মো. আবদুস সালাম ও এসআই মঞ্জুর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ডিআইজি নুর মোহাম্মদের নির্দেশে মঙ্গলবার একটি পরির্দশন দল পরিচয় গোপন করে রুপসা থানায় অবস্থান করছিল। পরিদর্শন দলের সামনে এসআই মঞ্জুর হোসেন জিডি’র জন্য ঘুষ হিসেবে ৩০ টাকা গ্রহণ করলে মোবাইল ফোনে ডিআইজিকে বিষয়টি জানানো হয়। ডিআইজি তৎক্ষণাৎ দুজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজ ছাত্র আসাদুজ্জামান এসএসসি পরীক্ষার সনদপত্র হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় জিডি করতে আসে। এসময় কর্তব্যরত কর্মকর্তা এসআই মঞ্জুর হোসেন ১০০ টাকা ঘুষ চায়। আসাদুজ্জামান তখন তার কাছে ৩০ টাকার বেশি নেই বলে উল্লেখ করলে মঞ্জুর শেষ পর্যন্ত ৩০ টাকাই গ্রহণ করে।
