২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্র খাতে সংকট নিরসনে শিগগিরই সমন্বয় কমিটি গঠিত হচ্ছে

দেশের বস্ত্র খাতে তিনটি বিবাদমান সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করতে শিগগিরই একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্থা তিনটির নেতাদের মধ্যে বিবাদ চরমে পৌঁছানোর প্রেক্ষাপটে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

পাট ও বস্ত্রমন্ত্রী শাহজাহান সিরাজ এ মাসে প্রধান তিনটি সংস্থা-- বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)’র নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন, বিজিএমইএ’র পরিচালক এসএম ফজলুল হক এ কথা জানান।

তিনি আরও জানান, প্রতিটি সংস্থা থেকেই তিনজন করে প্রতিনিধি নিয়ে এ সমন্বয় কমিটি গঠিত হবে।

গত ৩০ জুলাই বিটিএমএ চেয়ারম্যান এমএ আওয়াল, বিকেএমইএ প্রেসিডেন্ট ফজলুল হক ও বিজিএমইএ প্রেসিডেন্ট আনিসুল হক এক বৈঠকে মিলিত হয়ে এ সমন্বয় কমিটি গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এসএম ফজলুল হকও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

বিকেএমইএ প্রেসিডেন্ট ফজলুল হক বিডিনিউজকে বলেন, বিষয়টি বৈঠকে আলোচিত হযেছে, আমি মনে করি একটি সমন্বয় কমিটি বস্ত্রখাতের স্টেক হোল্ডারদের মধ্যে বিরাজমান ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারবে।

তিনি আরও বলেন, সমন্বয় কমিটি সরকারের নতুন নীতি গ্রহণের ক্ষেত্রেও সহায়তা করবে। এবং নীতি নির্ধারকদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজতর হবে।

তবে বিটিএমএ চেয়ারম্যান এমএ আওয়াল বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তবে তিনি স্বীকার করেছেন, প্রধান সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় একটি কার্যকর উদ্যোগ। তিনি বলেন, বৃহত্তর স্বার্থে পরস্পর পরস্পরের সহোযোগিতা ও সমর্থন দেশের বস্ত্রখাতকে আরো গতিশীল করবে।

রুলস অব অরিজিন নিয়ে টেক্সটাইল ও অ্যাপারেল খাতের মধ্যে দির্ঘ বিরোধ চলে আসছে। তবে সর্বশেষ বিটিএমএ চেয়ারম্যান এমএ আওয়াল এক বক্তৃতায় বিষয়টি নতুন করে উষ্কে দেন। বিকেএমইএ ও বিজিএমইএ স্থানীয় বাজারে ব্যাক-টু-ব্যাক এলসি খুলছে বলে অভিযোগ করেন তিনি। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবি জানান বিজিএমইএ ও বিকেএমইএ প্রেসিডেন্টদ্বয়। নচেৎ তারা আইননানুগ ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেন।

পরে ৩০ জুলাইয়ের বৈঠকে আওয়াল পরিষ্কার করে বলেন যে, তিনি কোনও সংস্থার নাম উল্লেখ করে এ অভিযোগ করেননি।  তিনি কেবল বলেছেন একদল পোশাক প্রস্তুতকারক দেশীয় বাজারে তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করছে।