২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর গ্রামবাসীর সাথে সংঘর্ষে ইজু ডাকাত নিহত

যশোরের চৌগাছার দুর্ধর্ষ ডাকাত ইজ্জারুল ইসলাম ওরফে ইজু ডাকাত (৪৫) নিহত হয়েছে। গ্রামবাসীর সাথে সংঘর্ষে শনিবার রাতে সে নিহত হয়। তার বাড়ি চৌগাছা উপজেলার সীমান্ত গ্রাম আন্দুলিয়ায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

গ্রামবাসী জানায়, দীর্ঘ ২০ বছর ধরে ইজু ডাকাত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ডাকাতি করে আসছিল। সে ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী অপরাধী চক্রের সদস্য বলেও অভিযোগ রযেছে। ভারত থেকে সে মাঝে মাঝে বাংলাদেশে এসে ডাকাতি করতো। শনিবার বিকেলে ১৫/২০ জনের একটি ডাকাতদল নিয়ে ইজু ডাকাত গ্রামে প্রবেশ করছিল। তখন তার নিজ গ্রাম আন্দুলিয়া, জলকর, মাধবপুর, আশিংড়ী, রামকৃষ্ণপুর ও দৌলতপুর গ্রামের সহস্রাধিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে। রাতে ডাকাতদের সাথে গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে ইজু মারাত্মক আহত হয়। তার বুক ও মাথায় আঘাত লাগে। তাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইজু ডিএসবি তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত ডাকাত বলে পুলিশ জানিয়েছে। মামলা হয়েছে কি না জানা যায়নি।