ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন ইস্যুটি বাংলাদেশ বাণিজ্যিক ভিত্তিতে দেখতে চায়: মোর্শেদ খান
বহুল আলোচিত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন ইস্যুটি বাংলাদেশ বাণিজ্যিক ভিত্তিতে দেখতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান মঙ্গলবার বলেন, মায়ানমার গ্যাস উৎপাদনকারী দেশ আর ভারত ক্রেতা। ভারত বাংলাদেশের কাছে কী চাচ্ছে সে ব্যাপারে কোনও প্রস্তাব ভারতের কাছ থেকে বাংলাদেশ পায়নি। বাংলাদেশ এ বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় বরং বাণিজ্যিক বিষয় হিসেবে বিবেচনা করতে চায়।
জাতীয় প্রেসক্লাবে ওভারসিস করেসপন্ডেন্টস এসোসিয়েশনের (ওকাব) সাথে আলাপকালে মোর্শেদ খান জানান, ৬ আগস্ট ঢাকায় দু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ খোলা মন নিয়ে দ্বিপাক্ষিক বিষয়ে ভারতের সাথে আলোচনা করবে।
আগামী ৬ আগস্টের আলোচনায় সীমান্ত সমস্যা, বাণিজ্যি ঘাটতি, শুল্ক বাধা, পানি, নদী সংযোগ প্রকল্পসহ আরও কয়েকটি ইস্যু প্রাধান্য পাবে বলে মোর্শেদ খান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওকাবের সভাপতি জাহিদুজ্জমান ফারুক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক শামিম আহমেদ।
মন্ত্রী দুই দেশের সন্ত্রাসীদের প্রতিহত করতে দু পক্ষের মধ্যে ঘনিষ্ট সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যাতে এক দেশের সন্ত্রাসীরা অন্য দেশে আশ্রয় না নিতে পারে।
বিপুল পরিমাণ বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করছে বলে যে অভিযোগ রয়েছে সে ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, দু দিক থেকেই অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে।
১৯৭৫ সালের সীমান্ত সংক্রান্ত চুক্তি অনুযায়ী সীমান্তের জিরো লাইন থেকে একশ’ ৫০ গজের মধ্যে কোনও স্থাপনা নির্মাণের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে সে ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে যদি এ নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে বাংলাদেশ এটির বিরোধিতা করেছে এবং করেই যাবে।
জাতিসংঘ সংস্কারের ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোর যে এজেন্ডা রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কলেবর বৃদ্ধির মাধ্যমে সেদিক থেকে দুষ্টি সরিয়ে নেওয়াটা ঠিক হবে না বলে তিনি জানান।
টুয়েজডে গ্র“প সম্পর্কে তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে মন্ত্রী বলেন, কূটনীতিকরা সিবিএ এজেন্টদের মতো আচরণ করতে পারে না। কূটনীতিক সম্পর্ক হচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক।
১৩ তম সার্ক শীর্ষ সম্মেলন নভেম্বরে অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
