ঢাবি’র সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালের বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। শোভাযাত্রায় ডিপার্টমেন্টকে সেরা ডিপার্টমেন্ট বর্ণনা করে বিভিন্ন রকম শ্লোগান দেয়া হয়।
শোভাযাত্রায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন অর রশিদসহ বিভাগের অধিকাংশ শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুভূতি জানাতে গিয়ে চেয়ারম্যান ড. গোলাম রহমান জানান, আধুনিক ও আদর্শ সাংবাদিকতার আলোকে জ্ঞানসম্পন্ন সংবাদ কর্মী ও সাংবাদিক তৈরিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকেই নিষ্ঠার সাথে কাজ করে আসছে।
ড. রহমান আরও জানান, ১৯৬২ সালের ২ আগস্ট সাংবাদিকতার উপর ডিপ্লোমা চালুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয়। ১৯৭৭ সালে তিন বছরের সম্মান কোর্স চালু করা হয়। তখন এর নাম হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
প্রতিষ্ঠার পর থেকেই কমপক্ষে ২,০০০ শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে কৃতিত্বের সাথে পাস করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন বলে ড. রহমান উল্লেখ করেন।
