২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশাহ ফাহাদ এর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল-সউদ এর মৃত্যুতে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর শোক জ্ঞাপন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল-সউদের কাছে প্রেরিত এক বার্তায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন বলেন, সৌদি জনগণের কাছে বাদশাহ ফাহাদ ছিলেন সম্মানীত নেতা এবং মুসলিম উম্মাহ’র একতা ও সংহতির প্রতীক ছিলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বাদশাহ ফাহাদ বিশ্ব মানবের শান্তি, সংহতি ও উন্নয়নে কাজ করে গেছেন। তিনি প্রয়াত সৌদি বাদশাহকে বাংলাদেশের ঘনিষ্ঠ এবং অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করেন।

অধ্যাপক ড. ইয়াজউদ্দিন নিজের এবং দেশের জনগনের পক্ষ থেকে প্রয়াত বাদশাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত রাজ পরিবার সাহসের সাথে এই ক্ষতি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেন।

পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সরকার ও  জনগনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাদশাহ ফাহাদের মৃত্যুতে সৌদি আরব তথা সমগ্র মুসলিম উম্মাহ’র অপুরনীয় ক্ষতি হলো। দুরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাদশাহ ফাহাদ সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ করতে প্রয়াস পেয়েছিলেন।

প্রয়াত সৌদি বাদশাহর শাসনকালে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ তাদের প্রতি প্রয়াত সৌদি বাদশাহর সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাদশাহ ফাহাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সৌদি আরবের জনগন ও রাজ পরিবার ধৈর্য্য ও সাহসের সাথে এই ক্রান্তিকাল অতিক্রম করবে বলে আশা প্রকাশ করেন।