দক্ষিণ এশিয়ার পর্যটকদের জন্য সিঙ্গেল ভিসা চালুর পরিকল্পনা
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনের ক্ষেত্রে হয়রানি কমাতে এ অঞ্চলের সাতটি দেশের পর্যটকদের জন্য সিঙ্গেল ভিসা চালুর চিন্তা ভাবনা চলছে।
শ্রীলংকার রাজধানী কলম্বোতে শনিবার ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলংকার পর্যটন মন্ত্রীদের এক বৈঠক শেষে পাকিস্তান পর্যটন উন্নয়ন কর্পোরেশনের প্রধান ব্রিগেডিয়ার হাশিম খান সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘এটা না হওয়ার কোনও কারণ আমরা দেখছি না’।
২০০৬ সালকে ‘দক্ষিণ এশিয়া পর্যটন বর্ষ’ ঘোষণা করতে তারা এ বৈঠকে মিলিত হন। দি টেলিগ্রাফ একথা জানায়।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অধীনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রগুলোর সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও সুদৃঢ় করতে ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয়।
হাশিম খান বলেন, সিঙ্গেল ভিসা চালুর পরিকল্পনা বাস্তবায়ন করতে আমাদেরকে অনেক কাজ সম্পন্ন করতে হবে। তবে এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের পর্যটন শিল্পের জন্য তা ব্যাপক সাফল্য বয়ে আনবে।
