ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করে ডিসেম্বরে ৬০ শতাংশ স্যানিটেশন সম্ভব : আব্দুল মান্নান ভূঁইয়া
ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করে দেশে আগামী ডিসেম্বরে ৬০ শতাংশ স্যানিটেশন কার্যক্রম সফল করা সম্ভব।
ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রোববার সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৪৮ শতাংশ স্যানিটেশন কার্যক্রম সফল হয়েছে এবং ২০০৮ সালের মধ্যে তা শতভাগ সফল করা সম্ভব। তবে এ ব্যাপারে জনগণকে সচেতন করে অভ্যাস গড়ে তুলতে না পারলে সফলতা অর্জন সম্ভব নয়।
মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে শতভাগ স্যানিটেশন কাভারেজকে স্থায়ী রূপ দেওয়ার জন্য অব্যাহত সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি প্রয়োজন। এজন্য ইউনিয়ন পর্যায়ে একটা রিভলভিং ফান্ড গঠন করা দরকার। সরকারের ২০ শতাংশ এডিপি বরাদ্দ ও অন্যান্য খাত থেকে এ তহবিল গঠন করা যেতে পারে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কাজী রফিকুল আলম এবং সঞ্চালক ছিলেন লোকাল কনসালট্যান্ট (আপসু) ও সাবেক সচিব এওয়াইবিআই সিদ্দিকী।
২০১০ সালের মধ্যে সার্বিক স্যানিটেশন অর্জনের কৌশলগত বিকল্প সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন মিশনের উপনির্বাহী পরিচালক এম এহছানুর রহমান। বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন মিশনের পানি ও স্যানিটেশন কর্মসূচির উপদেষ্টা সাইদুর রহমান। গোলটেবিল বৈঠকে নীতিনির্ধারক, প্রকল্প বাস্তবায়নকারী, বিশেষজ্ঞ, গবেষক, সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা এবং দাতা সংস্থাসমূহের প্রতিনিধিরা অংশ নেন।
