ফাযিল এবং কামিলের মানোন্নয়নে আইন সংস্কার সহসাই হচ্ছে না, সরকারের শরিকদের মধ্যে টানাপোড়েন
মাদ্রাসা শিক্ষার ফাযিল ডিগ্রিকে স্নাতক এবং কামিলকে স্নাতকোত্তর ডিগ্রির মান দেওয়া নিয়ে বিএনপির সাথে জোট সরকারের শরিক জামায়াতসহ ইসলামী দলগুলোর মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে।
এ অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয় আইন সহসাই সংস্কার হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত সংসদ নির্বাচনের আগে ইসলামী দলগুলো বিএনপিকে তিন দফা শর্ত দিয়েছিল। এগুলো হচ্ছে, এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সরকারি প্রাথমিক শিক্ষকদের সমমান ও সমবেতন প্রদান, মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার বৈষম্য নিরসন এবং আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে মাদ্রাসাগুলোকে এর আওতাভুক্ত করা।
নির্বাচনের পর সরকার ২০০২ সালের ১২ জানুয়ারি ওই তিন দফা দাবি বাস্তবায়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করে। ওই বছরই ১১ মার্চ কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এবং মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ, ১৯৭৮ সংশোধনের একটি রূপরেখা তৈরি করে প্রতিবেদন আকারে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, সুপারিশ বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়াকে প্রধান করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। সাড়ে তিন বছরে কমিটি এ বিষয়ে পাঁচটি সভা করেছে। এসব সভা কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিটির প্রতিবেদন যাচাই-বাছাই করে দেখতে মন্ত্রিসভা কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করে। ওই কমিটি দীর্ঘদিন যাচাই-বাছাইয়ের পর একটি সুপারিশমালা প্রতিবেদন আকারে চলতি বছরের ১৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়।
প্রতিবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে তিন বছর মেয়াদী বিএ পাস কোর্সের মতো ফাযিল পাস কোর্সে একই মেয়াদী ১৪০০ নম্বর, অনার্স কোর্সের জন্যে ফাযিল অনার্স কোর্সে ২১০০ নম্বর, কামিলের জন্যে সাধারণ শিক্ষার মাস্টার্স কোর্সের মতো মোট ৫০০ নম্বর নির্ধারণের সুপারিশ করা হয়। এসব পরীক্ষা সমন্বয়ের জন্যে একই সময়ে অনুষ্ঠানের প্রস্তাবও এতে করা হয়েছে।
এতে বলা হয়, দেশে বর্তমানে ১ হাজার ৬২টি ফাযিল ও ১৭৩টি কামিল মাদ্রাসা রয়েছে। সাধারণ মাস্টার্স কোর্স বিষয়ে প্রতিটি বিষয়ের জন্যে ১২ জন করে শিক্ষক নিয়োগের বিধান থাকলেও মাদ্রাসাগুলোতে এ বিধান নেই। এক্ষেত্রে মাদ্রাসাগুলোতে জনবল সমন্বয়ের কথাও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার জন্য শরিক ইসলামী দলগুলো স্থানীয় সরকার মন্ত্রীকে দোষারোপ করতে শুরু করেছে। তাদের মতে, মাদ্রাসা শিক্ষা সম্পর্কিত বিষয়ে মন্ত্রিসভা কমিটিতে শিক্ষা মন্ত্রী অথবা ধর্ম মন্ত্রীকে প্রধান করা হলে সিদ্ধান্ত ইতোমধ্যেই বাস্তবায়িত হতো।
বুধবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ওই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে কমিটির সভাপতি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আইন প্রণয়ন হলেও বাস্তবায়নে প্রায় পাঁচ থেকে সাত বছর সময় লেগে যেতে পারে। এ জন্যে পাঠ্যসূচি নির্ধারণ এবং বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রী সাংবাদিকদের জানান, ফাযিল ও কামিলকে সাধারণ শিক্ষার স্নাতক ও স্নাতকোত্তর সমমান দিতে গেলে বেশ কিছু জটিলতা রয়েছে। বর্তমানে যারা ফাযিল ও কামিল-এ অধ্যয়নরত এবং যারা আগে পাস করেছে, তাদের বিষয়টিও দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় এক হাজার ৬২টি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসার বর্তমানে কর্মরত শিক্ষকদের মান সম্পর্কেও নিশ্চিত হতে হবে। মানোন্নয়নের পর এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই থেকে আড়াই হাজার শিক্ষক নিয়োগ করতে হবে, একবারেই বাস্তবায়ন সম্ভব নয়। এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
