বোমা হামলা মামলায় ১৮ সহযোগীসহ ড. গালিবের অব্যাহতি
আহলে হাদিস আন্দোলনের নেতা ড: আসাদুল্যাহ আল গালিব ও তার ১৮ সহযোগীকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ব্র্যাক অফিসে বোমা হামলা মামলা থেকে মঙ্গলবার অব্যাহতি দেয়া হয়েছে।
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে মঙ্গলবার আসামীদের হাজির করা হয় এবং শুনানি শেষে আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন। ইতিপূর্বে গোবিন্দগঞ্জ থানা উক্ত মামলার চার্জশীট থেকে ড: গালিবসহ ১৯ জন আসামীর নাম বাদ দিয়ে বগুড়ার শিবগঞ্জের হাবিবুর রহমান জোবায়ের ও সাদুল্যাপুর উপজেলার আবু সাজ্জাত রাজু সর্দারকে আসামী করে চার্জশীট দাখিল করে।
অব্যাহতি প্রাপ্তরা হলেন-আব্দুস সামাদ, এস এম আজিজুল্লাহ, নূরুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাদাক্কাস আকন্দ, এনায়েত হোসেন, আহম্মেদউল্যা, আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম, শহীনুর রহমান, মাজাহারুল ইসলাম, হারুন অর রশিদ, এটিএম তৈয়বুর রহমান, ফয়জুল ইসলাম, বাবুল আকন্দ, ওয়ায়েদুল ইসলাম, সামছুল আলম ও রওনকুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি মহিমাগঞ্জের ব্র্যাক অফিসে বোমা হামলার ঘটনায় পাঁচজন আহত হয়। ওই ঘটনায় ড: গালিবসহ ২১ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ২১ জন আসামীকে গ্রেফতার করে এবং ড: গালিবকে শো’ন অ্যারেস্ট দেখানো হয়।
