সুনির্দিষ্ট নীতিমালার অভাবে মুখ থুবড়ে পড়েছে গাজীপুরের পোল্ট্রি শিল্প
সুনির্দিষ্ট নীতিমালার অভাবে পোল্ট্রি এলাকা হিসেবে খ্যাত গাজীপুর জেলার টঙ্গী, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় গড়ে ওঠা ছোট বড় পোল্ট্রি খামারগুলো মুখ থুবড়ে পড়েছে।
হ্যাচারির অসুস্থ, দুর্বল ও কম ওজনের বাচ্চা সরবরাহ, খাদ্যমূল্য বৃদ্ধি, মানহীন উচ্চমূল্যের ভ্যাকসিন-ওষুধসামগ্রী, মাত্রারিক্ত লোডশেডিং, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোন রোগ নির্ণয়কেন্দ্র না থাকা সর্বোপরি সরকারি পোল্ট্রি শিল্পের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মুরগী মৃত্যুহার বৃদ্ধিসহ নানা কারণে ব্যবসায়ীরা লোকসান গুনছেন।
পোল্ট্রি মালিক সমিতির এক জরিপে দেখা গেছে, ২০০৩ সালে গাজীপুর উপজেলায় যেখানে পোল্ট্রি খামারের সংখ্যা ছিল দুই হাজার চারশ’টি, ২০০৪ সালের শেষ দিকে এই সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়ায় দুই হাজার একশ’টি।
শুধু শ্রীপুর উপজেলায় এক হাজার আটশ’ ১৯টি পোল্ট্রি খামার ছিল। এর মধ্যে আটশ’ ৫৭টি খামারই বন্ধ হয়ে যায়। বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীপুর শাখার ঋণের মাধ্যমে প্রতিষ্ঠিত একশ’ আটটি খামারের মধ্যে ৬০টি খামারই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এছাড়াও পুঁজির অভাবে বহু খামার বন্ধ হবার উপক্রম হয়েছে। এমনকি ঋণের টাকা শোধ করতে না পারায় অর্থঋণ আদালতের মাধ্যমে ১৫-২০টি খামার নিলামে বিক্রি হয়ে গেছে। আরও কিছু বিক্রি হওয়ার পথে রয়েছে। শ্রীপুরের পোল্ট্রি খামারি শিল্পপতি খন্দকার আবুল মহসীন জানান, পোল্ট্রি মালিকদের উৎপাদিত ডিম, মাংস নিজেদের ইচ্ছেমত বিক্রির তেমন ব্যবস্থা নেই। দেশের পোল্ট্রি খামারগুলো বাঁচিয়ে রাখতে খামারিরা ব্যাংক কর্তৃক নিলামে খামার বিক্রি বন্ধ, সুদের হার কমিয়ে প্রকল্প মেয়াদ বৃদ্ধি, বন্ধ খামার চালুর জন্য পুনরায় অর্থ যোগান, পশুসম্পদ অধিদপ্তরের মাধ্যমে চাহিদার সাথে উৎপাদনের সমন্বয় সাধন করার সুপারিশ করেন।
