সন্ত্রাসবাদ নিয়ে আলোচানার জন্য ভারতীয় বার কাউন্সিল প্রতিনিধি দল ঢাকায়
সফররত ১১ সদস্য বিশিষ্ট ইন্ডিয়ান কাউন্সিল অব জুরিস্টস (আইজেসি) মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে দেখা করবে।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং এই সম্পর্কিত আইনের কার্যকরিতার সীমাবদ্ধতা নিয়ে আলোচনার জন্য পাঁচদিনের সফরে প্রতিনিধি দলটি শনিবার ঢাকায় এসে পৌঁছেছে। প্রতিনিধিদল মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার সমিতির নেতৃবৃন্দের সাথেও দেখা করবে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)’র কার্যালয়ে আলোচনায় সভায় অংশ নেবে।
আইসিজে চেয়ারম্যান অদিস আগারওয়ালার নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারক বিচারপতি কেএন সাইকা, এমআরটিপি কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি এএন ডিভিকা, অলইন্ডিয়ান বার সমিতির ভাইস চেয়ারম্যান এস প্রভাকরন এবং পশ্চিম বাংলা, পাঞ্জাব, হরিহানা ও মধ্য প্রদেশ এর বার কাউন্সিল প্রতিনিধি এবং গুজরাট ও গুহাহাটি বার সমিতির প্রতিনিধি।
বুধবার প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, ডাক, তার ও টেলি যোগাযোগ মন্ত্রী, অ্যাটর্নী জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিল নেতৃবৃন্দের সাথে দেখা করে মত বিনিময় করবেন।
বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বার কাউন্সিলের আমন্ত্রণে প্রতিনিধি দলটি ঢাকা সফরে এসেছে।
প্রতিনিধি দলটি ২৮ জুলাই ঢাকা ত্যাগ করবে।
