নানা সমস্যায় জর্জরিত কক্সবাজার সরকারি কলেজ, মাস্টার্স কোর্স চালুর দাবি
কক্সবাজার সরকারি কলেজটি এখন নানা সস্যায় জর্জরিত।
জেলার একমাত্র সরকারি এই কলেজটিতে অনার্স কোর্স চালু থাকলেও নেই মাস্টার্স কোর্স। শিক্ষক সংকট, আবাসন সমস্যাসহ নানা সমস্যায় জর্জরিত জেলার একমাত্র এই অনার্স কলেজটি।
দীর্ঘদিন ধরে কক্সবাজারের সকল স্তরের মানুষ ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি এখানে মাস্টার্স কোর্স চালু করার দাবি জানিয়ে আসছে।
জেলার একমাত্র অনার্স কলেজ কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু না থাকায় অনার্স পাস করে শিক্ষার্থীদের দৌঁড়াতে হচ্ছে ঢাকা অথবা চট্টগ্রামে।
অন্যদিকে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসও করতে পারছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম অধ্যক্ষ স.আ.ম. শামসুল হুদা চৌধুরী ১৯৬২ সালে শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঝিলংজা এলাকায় পাঁচ একর জমির উপর এই কলেজটি প্রতিষ্ঠা করেন। দিনে দিনে কলেজে প্রধান একাডেমিক ভবন, কলা ভবন, বিজ্ঞান ভবন, বাণিজ্য ভবন নির্মান করা হয়। কলেজটি বর্তমানে ২৫ একর জমির উপর দাঁড়িয়ে আছে।
১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজার কলেজকে সরকারিকরণ করেন।
আড়াই হাজার ছাত্র-ছাত্রীর এই কলেজে বর্তমানে আবাসন সমস্যাও প্রকট। নেই কোন সরকারি ছাত্রাবাস।
শিক্ষক হোস্টেল না থাকায় দূর-দুরান্ত থেকে আসা শিক্ষকরা কক্সবাজারে থাকতে চান না। কক্সবাজার শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় যাতায়াত সমস্যাতো রয়েছেই।
১৯৯৭ সাল থেকে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, গণিত ও উদ্ভিদ বিজ্ঞানসহ ৭টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। কিন্তু বর্তমানে সব বিষয় মিলে শিক্ষকের ৬০টি পদের মধ্যে ১৭টি পদ শূণ্য রয়েছে।
এদিকে কলেজে শিক্ষক স্বল্পতা থাকলেও প্রতিবছর উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং অনার্সে ভতিচ্ছু ছাত্র ছাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে।
কলেজটিতে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণী কক্ষ নেই। লাইব্রেরীতে নেই পর্যাপ্ত পরিমান বই।
গত বছর আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় এই কলেজ বিভাগীয় চ্যাম্পিয়ন হলেও খেলার মাঠটি নিচু জমিতে হওয়ায় বছরের বেশির ভাগ সময় থাকে খেলার অনুপোযুক্ত। অডিটোরিয়াম না থাকায় যে কোন অনুষ্ঠান করতে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
নকল ও ধূমপান এবং সন্ত্রাসমুক্ত কলেজ হিসেবে এই কলেজের সুখ্যাতি রয়েছে সারাদেশে।
কলেজ অধ্যক্ষ ফজলুল করিম বিডিনিউজকে জানান, শিক্ষক সমস্যার কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছে না।
অন্যদিকে ছাত্রছাত্রীসহ সর্বস্তরের কক্সবাজারবাসীর দাবি প্রয়োজনীয় শিক্ষক কোটা পূরণ করে এই কলেজে মাস্টার্স কোর্স চালু করা।
