২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোর্শেদ খান ও নটবর সিং-এর বৈঠকে প্রধান ইস্যু হবে নিরাপত্তা ও পানি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং আগস্টের প্রথম সপ্তাহে দু দিনের সফরে ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 10:42 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

নটবর সিংয়ের ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খানের সঙ্গে আলোচনায় নিরাপত্তা ও পানি বন্টন ইস্যু প্রধান্য পাবে বলে সূত্র জানায়।

পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান শনিবার তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফর সদিচ্ছাপূর্ণ। তার এ সফরে দু দেশের মধ্যকার বিদ্যমান বিষয়গুলোর বাইরেও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে।

২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর ভারতের কোনও মন্ত্রীর এই প্রথম বাংলাদেশ সফর। দু দেশের মধ্যকার এ আলোচনায় ভারতের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়টিও আলোচনায় আসবে। নটবর সিং ও মোর্শেদ খানের মধ্যকার আলোচনায় দু দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়টিও স্থান পাবে।

আগামী ৬ ও ৭ আগস্ট নটবর সিংয়ের সফরের মধ্য দিয়ে ভারতের মন্ত্রী পর্যায়ের বেশ কিছু সফরের সূচনা হতে যাচ্ছে। ভারতের বাণিজ্যমন্ত্রী কমল নাথ সেপ্টেম্বরে এবং পানি সম্পদমন্ত্রী প্রিয়রঞ্জন দাস অক্টোবরে জেআরসি বৈঠকে অংশ নিতে আসবেন।

অন্যদিকে, বাণিজ্য বিষয়ক ভারত-বাংলাদেশ যৌথ গ্রুপ ১ ও ২ আগস্ট দ্বিপাক্ষিক বাণিজ্যিক ভারসাম্য এবং বাণিজ্যিক চুক্তি বিষয়ে আলোচনায় বসবে।