প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফুল সি প্যাটেলের সৌজন্য সাক্ষাত
বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল শনিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বেগম জিয়া ও প্যাটেলের মধ্যে বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্যাটেল বলেন, বাংলাদেশের জিডিপি, প্রবৃদ্ধির হারসহ অর্থনীতির সার্বিক ব্যবস্থাপনা চমৎকার।
নারী-পুরুষ সমতা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ খুবই ভাল করেছে বলে তিনি জানান।
দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি) প্রণয়নকে খুবই ভালো পদক্ষেপ উল্লেখ করে প্যাটেল বলেন, এটি বাস্তবায়নে বিশ্বব্যাংক অন্যান্য দাতাগোষ্ঠীর সঙ্গে একত্রে কাজ করবে।
তিনি বলেন, বাংলাদেশের শক্তিশালী স্থানীয় সরকার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে অবকাঠামো উন্নয়নে সাহায্য চাইলে বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেবে।
এদিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাণ ব্যবস্থার সম্প্রসারণে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।
পদ্মা সেতু নির্মাণ এবং আর্সেনিক সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তার বিষয়েও উভয়ের মধ্যে আলোচনা হয়।
