বাংলাদেশ ও ভারতকে একযোগে কাজ করতে হবে: মোরশেদ খান
দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে চলতে বাংলাদেশ ও ভারতকে আরও অন্তরঙ্গতার সাথে একযোগে কাজ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
আগামী মাসের প্রথম সপ্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংয়ের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ৬-৮ আগষ্ট একটি সম্ভাব্য তারিখ।
এ সফরকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের প্রার্থীতায় বাংলাদেশের সমর্থন দেয়া না দেয়ার বিষয়টি আলোচনায় স্থান পাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘অনেক বিষয়’ নিয়েই আলোচনা হবে।
মোরশেদ খান বলেন, কংগ্রেস-এর নেতৃত্বে সরকার গঠনের পর ইতোমধ্যে আমি দুবার দিল্লি সফর করেছি, সুতরাং নটবর সিংয়ের ঢাকা সফর এখন ওভারডিউ হয়ে গেছে।
ভারতীয় মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে সম্প্রতি বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ভারত সফর করেছেন।
নটবর সিংয়ের পর আগষ্ট ও সেপ্টেম্বরে ভারতীয় জ্বালানি মন্ত্রী মনি শংকর আইয়ার ও বাণিজ্যমন্ত্রী কমল নাথের ঢাকা সফরের কথা রয়েছে।
