২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি, নদীগুলোতে পানি বৃদ্ধি

দেশের উত্তরাঞ্চলসহ সারা দেশের বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বন্যা পূর্বাভাষ ও সতকর্তা কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং ঢাকা জেলা ও আশপাশের নিুাঞ্চল ও নারায়নগঞ্জের পরিস্থিতি অপরিবর্তিত থাকবে।

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, জেলার ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার ২৩টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম জানান, পাহাড়ি ঢল ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে পাকুরিয়া ধলা, লছমনপুর, বাজিতাধলা, কামারের চর, চর পক্ষীসারী, চরমুচারিয়া, কামারিয়া, বেতমারি ঘুঘুরকান্দি ইউনিয়নের প্রায় সব এলাকাই বন্যা কবলিত হয়েছে।

সদর ও শ্রীবরদী উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে ফেরীঘাট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। শেরপুর- জামালপুরের  মধ্যকার ফেরীঘাটের  রাস্তা ডুবে যাওয়ায় চারদিন ধরে ফেরী চলাচল সম্পূর্র্ণ বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার যমুনা নদীর পানির উচ্চত কিছুটা হ্রাস পেলেও শৈলবাড়ী পয়েন্টে পানি এখনও বিপদসীমার ছয় সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ জেলার প্রায় দু লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে এবং প্রায় ছয় হাজার হেক্টর জমির উঠতি ফসল ও রোপা আমন ও বীজতলা বিনষ্ট হয়েছে। বন্যার পানির প্রবল স্রোতে জেলার চৌহালী উপজেলার ছয়টি ইউনিয়নে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। পৌর এলাকার নিুাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে।

ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার পদ্মা, আড়িয়ালখাঁ, কুমার, মধুমতি ও ভুবনেশ্বরসহ সকল নদনদীর পানি গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টের বিপদসীমার ছয় সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফরিদপুর সদর, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার চর ও নিুাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ায় সেখানকার প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সদরপুর ও চরভদ্রাসন উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন শুরু হয়েছে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় তিনশ পরিবার এখন ভেড়িবাঁধ ও বিভিন্ন উঁচু সড়কে আশ্রয় নিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা পানির ঢলে ঘাঘট, করতোয়া ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধা জেলায় আরও নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ঘাঘট নদীর পানি ২৭ সে.মিটার, করতোয়ার পানি ১৬ সে.মিটার এবং তিস্তার পানি ১১ সে.মিটার বৃদ্ধি পেয়েছে।

জেলার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং এসব শিবিরে ৫৫০টি পরিবার আশ্রয় নিয়েছে। পৌর এলাকার বন্যা দুর্গত পরিবারের মাঝে এখনও সরকারি কোন ত্রাণ প্রদান করা হয়নি বলে অভিযোগ করেন পৌর চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। করতোয়ার পানি বৃদ্ধির ফলে ঢাকা-দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

নওগাঁ প্রতিনিধি জানান, গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নওগাঁ জেলার ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আত্রাই নদীর পানি বিপদসীমার ২৮ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নদী দুটিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ছোট যমুনা নদীর রানীনগর আত্রাই সড়কের কুজাইল বাজার, নান্দাইবাড়ি ও মান্দা নিয়ামতপুর সড়কের শিবনদী ব্রীজ, কয়লাবাড়ি-বিষ্ণুপুর বাঁধসহ নদী সংলগ্ন ১০টি স্থান এখন প্রচণ্ড হুমকির মুখে।