২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ: পুলিশ, সাংবাদিকসহ ২১ জন আহত

গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দুদফা সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ একটি নির্বাচনী মিছিল বের করলে ছাত্রদল কর্মীরা তা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রদল কর্মীদের ওপর পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

উদ্ভুত পরিস্থিতি নিয়ে দুপুরে ছাত্রলীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠকে বসে। ছাত্রদল কর্মীরা এসময় লাঠি-সোটা হাতে রাস্তায় মহড়া দেয়। ছাত্রদল এসময় আবারো আক্রমনের পরিকল্পনা করলে ছাত্রলীগ ধাওয়া দেয়। এরপর দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এপর্যায়ে দু’জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুজন পুলিশ ও দুজন সাংবাদিকসহ ২১ জন আহত হয়।

সংঘর্ষ চলাকালে দোকানপাট বন্ধ হয়ে যায়।

ঢাকা- খুলনা মহাসড়ক প্রায় এক ঘন্টার জন্যে অচল হয়ে পড়ে। রাস্তার দুপাশে অসংখ্য বাস- ট্রাক আটকা পড়ে থাকে।

২৫ জুলাই কলেজ সংসদ নির্বাচনকে বানচাল করতেই ছাত্রদল এ হামলা চালিয়েছে বলে ছাত্রলীগ অভিযোগ করে।