২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশে চেষ্টা চালাবেন কংগ্রেসম্যান কোলবে

মার্কিন কংগ্রেসম্যান জিম কোলবে বলেছেন, তিনি ট্রেড অ্যাক্ট ২০০৫ কার্যকর করতে তড়িৎ পদক্ষেপ নেয়ার জন্য মার্কিন কংগ্রেসে জোর প্রচেষ্টা চালাবেন। এ ট্রেড অ্যাক্টে বাংলাদেশী তৈরি পোশাক মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশের প্রস্তাব রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কংগ্রেসের বৈদেশিক কার্যক্রম বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান জিম কোলবের সাথে তার ক্যাপিটল হিলের কার্যালয়ে সাক্ষাৎ করলে কোলবে একথা জানান। বুধবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিলটি পাশের ব্যাপারে প্রচেষ্টা চালানো স্পিকার কংগ্রেসম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প রক্ষায় এ বিলটি পাশ হওয়া খুবই গুরুত্বপুর্ণ।

কংগ্রেসের গ্রীষ্মকালিণ অবকাশের পর এ বিলটি পাশ করা যাবে বলে জিম কোলবে আশা প্রকাশ করেন।

বাংলাদেশে মার্কিন উন্নয়ন সহযোগিতা আরো বৃদ্ধির ব্যাপারে স্পিকার কোলবেকে অনুরোধ জানালে তিনি আশ্বাস দিয়ে বলেন, তিনি মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) সাথে যোগাযোগ করে দেখবেন যে বাংলাদেশকে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা। কংগ্রেসম্যান এবছরের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন বলে জানান।

এর আগে স্পিকার কংগ্রেসের আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক কমিটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চল বিষয়ক  উপকমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান এ লিচের সাথে সাক্ষাৎ করেন এবং দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন।