প্রমত্তা তিস্তার মাঝখানে সাড়ে তিন হাজার মানুষের বেঁচে থাকার লড়াই: খোঁজ রাখে না কেউ
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা চরের গ্রাম বাইশপুকুরের সাড়ে তিন হাজার মানুষ মরণপণ লড়াই করছে বন্যার সাথে। গ্রামের চারদিক দিয়ে প্রবাহিত প্রমত্তা তিস্তা সবার চোখের আড়াল করে রেখেছে চরের গ্রাম বাইশপুকুরকে।
বছরের এই সময়টায় খরস্রোতা তিস্তা পাড়ি দিয়ে বাইশপুকুরের মানুষের সাধ্য নেই নিরাপদ কোনও স্থানে আশ্রয় নেওয়ার। তেমনিভাবে কেউ সেখানে যেতে পারে না তাদের উদ্ধার করতে। বন্যা শুরুর পর থেকে তারা কীভাবে বেঁচে আছে তাও কারও জানা নেই।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্যারেজ পয়েন্টে নদীর পানি ৫১ মিটার হলেই এক মিটার পানির নিচে তলিয়ে যায় নদী তীরের গ্রামগুলো। নদী তীর থেকে বাইশপুকুর গ্রামটির অবস্থান তিন মিটার নীচে। এবারের বন্যায় তিস্তার পানি বিপদসীমা (৫২ দশমিক ২৫ মিটার ) অতিক্রম করেছে অন্তত পাঁচবার।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম জানান, আমাদের দায়িত্ব ব্যারেজ আর বাঁধ রক্ষা। এর বাইরে বাইশপুকুর গ্রামের মানুষের খোঁজ রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
ঢাকা থেকে ডিমলায় বন্যাদুর্গতদের দেখতে আসা রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটির দুই প্রতিনিধি ফরিদ আহমেদ ও মোদাচ্ছের আহমেদ বলেন, এই মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্তদের সংজ্ঞায় পড়ে না। কারণ তারা প্রতিবছর বন্যার সাথে লড়াই করে বেঁচে থাকতে সক্ষম। বন্যা তাদের কোনও ক্ষতিই করতে পারে না।
সূত্র জানায়, বাইশপুকুরের প্রথমবারের মতো কোনও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী সম্প্রতি জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে গিয়েছিলেন ওই গ্রামটিতে। স্বচক্ষে মানুষগুলোর দুরাবস্থা দেখেও ত্রাণভাণ্ডার শূন্য থাকায় তাদের জন্য কিছুই করা তার পক্ষে সম্ভব হয়নি। তবে যৎসামান্য পাওয়া ত্রাণ বুধবার ওই গ্রামটিতে পৌঁছুবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
