যশোরে ছেলের হাতে বাবা খুন
যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গাজীপাড়ায় ছেলের হাতে বাবা খুন হয়েছে। পুলিশ মঙ্গলবার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার রাত ১২টার দিকে মনিরামপুর উপজেলার চাকলা গাজীপাড়ায় ইবাদুল দফাদার (৪৫) তার প্রথম স্ত্রী মোমেনা খাতুনের অমতে সোমবার দ্বিতীয়বার বিয়ে করেন। রাতে নতুন বউয়ের জন্য কেনাকাটা সেরে ইবাদুল বাসায় ফিরলে মোমেনার সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইবাদুল প্রথম স্ত্রীকে বেদম মারপিট করে।
মায়ের চিৎকার শুনে পুত্র সেলিম ছুটে আসে এবং মাকে রক্তাক্ত অবস্থায় দেখে ধারালো অস্ত্র দিয়ে পিতা ইবাদুলকে আঘাত করে। ঘটনাস্থলেই ইবাদুলের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ইবাদুলের বুকে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এ ঘটনার পর থেকে ঘাতক পুত্র সেলিম ও তার স্ত্রী পলাতক রয়েছে।
